logo
Advertisement

এআই দিয়ে ইতালীয় সংবাদপত্র বানিয়ে বাঁধনকে জিজ্ঞাসাবাদের ভুয়া দাবি প্রচার

এশিয়া পোস্ট ডেস্ক
এশিয়া পোস্ট ডেস্ক
এআই দিয়ে ইতালীয় সংবাদপত্র বানিয়ে বাঁধনকে জিজ্ঞাসাবাদের ভুয়া দাবি প্রচার
এআই দিয়ে ইতালীয় সংবাদপত্র বানিয়ে বাঁধনকে জিজ্ঞাসাবাদের ভুয়া দাবি প্রচার। ছবি : ফেসবুক পোস্ট

সম্প্রতি ইতালির ভেনিসে পতিত আওয়ামী সমর্থকদের হাতে হামলা ও শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেছেন তিনি। এরমধ্যে ফেসবুকে ইতালির সংবাদপত্র ‘কোরিয়ারে ডেলা সেরা’র (CORRIERE DELLA SERA) একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ‘ইতালিয়ান পুলিশ আজমেরি হক বাঁধনকে চরমপন্থী জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে।’ তবে যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। ইতালীয় ভাষায় সংবাদমাধ্যমটি এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। সংবাদ দাবিতে প্রচারিত পত্রিকার ছবিটি এডিটেড।

প্রচারিত ছবিটিতে অভিনেত্রী বাঁধনের ছবি ব্যবহার করে ইতালীয় ভাষায় লেখা, 'ইতালীয় পুলিশ আজমেরী হক বাঁধনকে জিজ্ঞাসাবাদ করেছে, চরমপন্থী সংগঠনের সাথে সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।' ফেসবুকে রাজিব শেরজাহান নামে একজন আওয়ামী সমর্থকের এ সম্পর্কিত একটি পোস্টে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাজারের অধিক প্রতিক্রিয়া আসতে দেখা গেছে। এছাড়াও পোস্টটি শতাধিকবার পুনরায় শেয়ার হতে দেখা গেছে। তবে সংবাদ দাবি করা ছবিটির হেডলাইনের ঠিক নীচের অংশেই লেখা হয়েছে, পত্রিকাটির নামের নিচে লাল রঙের ব্যাকগ্রাউন্ডে ইতালীয় ভাষায় লেখা, ‘NOTIZIA FITTIZIA – QUESTA NON È UNA NOTIZIA REALE’ অর্থাৎ ‘এটি একটি কাল্পনিক সংবাদ-এটি কোনো সত্য ঘটনা নয়।’

এছাড়াও ছড়িয়ে পড়া ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে কোনো নির্ভরযোগ্য সূত্রে প্রচারিত ছবিটি সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনটির শিরোনাম সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চেও এধরনের কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে পত্রিকাটির ওয়েবসাইটে সম্প্রতি (গত ৭ সেপ্টেম্বর) বাঁধনের সঙ্গে ঘটা ঘটনার বিষয়ে দুইটি প্রতিবেদন পাওয়া যায়। এতেও আলোচিত দাবিটি প্রমাণিত হয় এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, উল্লিখিত অভিনেত্রীর ওপর হামলা ও শারিরীক নিপীড়নের ঘটনার তদন্তের বিষয়ে বাংলাদেশি বেশিরভাগ সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইতালির সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে ঢাকা মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জেরে ভেনিসের কাছেই মেস্ত্রে শহরে এই হামলার ঘটনা ঘটে। ইতালির বিশেষ পুলিশ বাহিনী ‘দিগোস’ বর্তমানে ঘটনাটি তদন্ত করছে। তবে এসব প্রতিবেদনেও ইতালিয়ান পুলিশের বাঁধনকে চরমপন্থী জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়াও হাইভ মডারেশন সহ একাধিক এআই কন্টেন্ট সনাক্তকরণ সাইটে আপলোড করে প্রচারিত ছবিটির ৯৯ শতাংশের বেশিই এআই এর সহায়তায় তৈরি বলে জানা গেছে।

অর্থাৎ, ‘ইতালিয়ান পুলিশ আজমেরি হক বাঁধনকে চরমপন্থী জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে।’ এমন শিরোনামে ইতালীয় সংবাদমাধ্যমের কাটিং দাবিতে প্রচারিত ছবিটি এবং দাবিটি ভুয়া। এআই এর সহায়তায় তৈরি ছবি প্রচার করে আলোচিত দাবিটি ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা।