২০২২ সালের ছবি দিয়ে শেখ হাসিনা প্রকাশ্যে আসার ভুয়া দাবি প্রচার

‘আলহামদুলিল্লাহ! প্রকাশ্যে এলেন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। দিল্লিতে একটি নিউজ কনফারেন্স এর মুহূর্তের ছবি।’ এমন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এছাড়াও সংবাদ ফটোকার্ডের আদলে ছবিটি ব্যবহার করে একাধিক ফটোকার্ড প্রচার করা হয়েছে। তবে এশিয়া পোস্ট যাচাই করে দেখেছে ছবিটি সাম্প্রতিক নয়, পুরনো ছবি ব্যবহার করে দাবিটি প্রচার করা হচ্ছে।
প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে ২০২২ সালের ১৯ ডিসেম্বর পোস্ট করা এ সম্পর্কিত একটি পোস্ট পাওয়া যায়। এতে শেখ হাসিনাকে প্রকাশ্যে দেখা যাওয়ার দাবিতে প্রচারিত ছবিটিসহ চারটি ছবি যুক্ত করে একটি পোস্ট করা হয়েছে। পোস্টটির ক্যাপশন থেকে জানা যায়, একটি আলোকচিত্র প্রদর্শনীর পর বিখ্যাত ফরাসি ফটোগ্রাফার অ্যান ডি হেনিং এর সঙ্গে শেখ হাসিনার ছবি এগুলো।
অর্থাৎ, দিল্লিতে একটি নিউজ কনফারেন্সে শেখ হাসিনা প্রকাশ্যে এসেছেন দাবিতে প্রচারিত ছবিটি ২০২২ সালের। ছবিটি সাম্প্রতিক দাবিতে প্রচারিত পোস্ট গুলো ভুয়া।


