logo

নেতানিয়াহুর কফিশপের ভিডিও গ্রোকের ‘ডিপফেক’ শনাক্তকরণ নিয়ে অনলাইনে বিভ্রান্তি

নেতানিয়াহুর কফিশপের ভিডিও গ্রোকের ‘ডিপফেক’ শনাক্তকরণ নিয়ে অনলাইনে বিভ্রান্তি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের মধ্যে ৫ আঙুল দেখিয়ে নিজের পোস্ট করা একটি ভিডিও নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার হাতে ৬ আঙুল দেখা গেছে দাবিতে ছড়িয়ে পড়া একটি ভিডিওর প্রমাণ দিতে নতুন ভিডিওটি পোস্ট করেন তিনি। প্রাথমিকভাবে টুইটারের (বর্তমানে এক্স) এআই চ্যাটবট ভিডিওটি এআই হিসেবে শনাক্ত করে। দাবি করা হচ্ছে, কফিতে চুমুক দিলেও কফি কমেনি একটুও এবং কফির উপরিভাগে যে কারুকার্য করা ছিল, তাতেও বিন্দুমাত্র ছেদ পড়েনি।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

তবে যাচাইয়ে দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি।  

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের বেঁচে থাকা এবং ৬ আঙুল না ৫ আঙুল বির্তক সামলাতে একটি ভিডিও পোস্ট করেন নেতানিয়াহু। এতে তাকে হিব্রু ভাষায় বলতে শোনা যায়, ‘আমি কফির জন্য মরছি।’ এ সময় তাকে তার মৃত্যুর গুঞ্জন নিয়ে জিজ্ঞেস করা হলে, মৃত্যুর খবরকে ঠাট্টা করে বলেন, ‘আঙুল গুনতে চাও? এই নাও (বাম হাত তুলে), আর এই নাও (ডান হাত তুলে)। দেখলে? এরপর কফির কাপ তুলে তিনি বলেন, ‘লেখাইম (জীবনের জন্য)।’ 

এর কিছু সময় পর মোহসেন নামে একজন নেটিজেন টুইটারে সংযুক্ত এআই চ্যাটবট গ্রোককে পোস্টটি দিয়ে প্রশ্ন করেন ভিডিওটি এআই কিনা? জবাবে প্রাথমিকভাবে ভিডিওটি এআই হিসেবে চিহ্নিত করে গ্রোক। 

তবে যাচাইয়ে গ্রোক, ডিপফেকওমিটার এবং এআই অর নটসহ কয়েকটি এআই কন্টেন্ট শনাক্তকারী সাইটে ভিডিওটি আপলোড করে এশিয়া পোস্ট। এতে ‘এআই অর নট’ ভিডিওটির এআই আধেয়, ডিপফেক এবং অন্যান্য অসংগতি একাধিক প্যারামিটারে যাচাই করে ভিডিওটিতে এসব উপাদান পাওয়া যায়নি। 

অপরদিকে, ডিপফেকওমিটারে ভিডিওটি আপলোড করে এতে ১৪টি প্যারামিটারের মধ্যে  মাত্র একটিতে ৯৯ শতাংশ এআই হিসেবে দেখিয়েছে। বাকি ১৩টি ডিটেক্টরে শূন্য শতাংশ থেকে ৩২ শতাংশ পর্যন্ত এআইর উপস্থিতি আছে বলে জানানো হয়েছে, যা ডিজিটালি সম্পাদনার কারণেও শনাক্ত হয়ে থাকতে পারে। এছাড়াও, ভিডিওটি এআই হিসেবে শনাক্ত করার বিষয়ে গ্রোককে প্রশ্ন করে জানা গেছে, ডিপফেক শনাক্তকরণের সাধারণ সাইন দেখে তা করা হয়েছে। এবং এআইর স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী, নতুন তথ্য আসার সঙ্গে সঙ্গে উত্তর আপডেট করা হয়েছে। 

অন্যদিকে ‘দ্য সাতাফ’ নামে জেরুজালেমের একটি কফিশপে ভিডিওটি করেছিলেন নেতানিয়াহু। প্রতিষ্ঠানটি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করে দাবিটির সত্যতা নিশ্চিত করে। এ সম্পর্কিত সংবাদ দেখুন এখানে।  

নেতানিয়াহুর এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওটিতে কফিতে চুমুক দেওয়ার আগে এবং পরের পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়। এতে ভিডিওর ১৫ সেকেন্ডে কফির কাপের উপরে দুধের ফেনায় তৈরি ল্যাটে আর্টটি অক্ষত অবস্থায় আছে। এরপর তিনি চুমুক দিয়ে মুখ থেকে নামানোর পর (২০ সেকেন্ড থেকে) সেটি আংশিক ভেঙে যায়। এছাড়াও, ভিডিওতে নেতানিয়াহুর আঙুলে দৃশ্যমান আংটি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে তার হাতের আংটি পুরোপুরি মিলে যায়। 

এদিকে, গ্রোকের এআই শনাক্তকরণ বিতর্কের মধ্যে দেড় মিনিটের আরও একটি ভিডিও পোস্ট করেছেন নেতানিয়াহু। এতেও তাকে কফিশপে দেখা যাওয়া একই জ্যাকেট পরে জনসাধারণের সঙ্গে কথা বলতে দেখা গেছে। 

অর্থাৎ, কফিশপে ৫ আঙুল দেখিয়ে নেতানিয়াহুর ভিডিও ঘিরে প্রচারিত দাবিগুলো সত্য নয়। প্রচারিত ভিডিওটি ডিপফেক বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি নয়।