logo

বিএনপি-জামায়াতকে জড়িয়ে আইনমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

বিএনপি-জামায়াতকে জড়িয়ে আইনমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

‘রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই, কিন্তু দিনশেষে জামায়াত-বিএনপি দুই পিতার এক পুত্র।’ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমন বক্তব্য দিয়েছেন দাবিতে সংবাদ ফটোকার্ডের আদলে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

প্রচারিত ফটোকার্ডে আইনমন্ত্রী সম্প্রতি কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময়ের একটি ছবি ব্যবহার করা হয়েছে। এতে ছবিটির ওপরে ডানপাশে সংবাদমাধ্যম কালবেলার লোগো ব্যবহার করা হয়েছে। ছবির নিচের অংশে দাবি এবং মাঝামাঝি অংশে তারিখ হিসেবে ২৫ এপ্রিল, ২০২৬ উল্লেখ করা হয়েছে। ফেসবুকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নামে পরিচালিত একটি গ্রুপে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। উল্লিখিত গ্রুপে ফটোকার্ডটি ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ ফুলগাজী’ নামে একটি পেজ থেকে পোস্ট করা হয়েছে। 

দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে দাবিটি প্রমাণিত হয় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে কী-ওয়ার্ড সার্চে এবং ফটোকার্ডে ব্যবহৃত ছবিটি রিভার্স ইমেজ সার্চে বেশকিছু সংবাদমাধ্যমে ‘দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই’ শিরোনামে সংবাদ পাওয়া যায়। এ ছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুৃষ্ঠানটির ভিডিও বক্তব্য যাচাইয়েও প্রচারিত দাবিটির সঙ্গে মিল পাওয়া যায়নি। 

অন্যদিকে, সংবাদমাধ্যম কালবেলার অফিসিয়াল ফেসবুক পেজে সার্চ করে ‘দোষারোপের রাজনীতি থেকে বের হওয়ার আহ্বান আইনমন্ত্রীর’ শিরোনামে একটি পোস্ট পাওয়া গেছে। এতে বিএনপি-জামায়াতকে জড়িয়ে প্রচারিত ফটোকার্ডের দাবিটির পুরোপুরি মিল পাওয়া যায়নি। তবে উভয় ফটোকার্ডে ‘রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই’ অংশটি হুবহু মিলে যায়। বাকি অংশটি সম্পাদনা করে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

অর্থ্যাৎ,‘রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই কিন্তু দিনশেষে জামায়াত এবং বিএনপি দুই পিতার এক পুত্র।’ আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমন বক্তব্য দিয়েছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। সংবাদমাধ্যম কালবেলার ফটোকার্ড সম্পাদনা করে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।