‘জনগণ ভোট না দিলেও ক্ষমতায় যেতেই হবে’ দাবিতে জামায়াত আমিরের খণ্ডিত বক্তব্য প্রচার

‘জনগণ ভোট দিক আর না দিক ক্ষমতায় আমাদের যেতেই হবে’, জামায়াত আমির ডা. শফিকুর রহমান এমন বক্তব্য দিয়েছেন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে এখানে এবং এখানে।
তবে এপি ফ্যাক্ট চেকের যাচাইয়ে দেখা গেছে দাবিটি সত্য নয়। প্রচারিত ভিডিওটিতে তার পু্রো বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, একটি সমাবেশে জামায়াতের আমির শফিকুর রহমান বলছেন, ‘জনগণ ভোট দেউক না দেউক ক্ষমতায় আমাদের যেতে হবেই। বন্ধুগণ বেলা শেষ, দিনও শেষ, ওই সূর্যও ডুবে গেছে।’ দাবিকৃত ভিডিওটি ফেসবুকে বিভিন্ন পেজ এবং প্রোফাইলে অসংখ্যবার শেয়ার হতে দেখা গেছে। এছাড়াও পোস্টগুলোতে দাবিটি বিশ্বাস করে মন্তব্য করেছেন অনেক নেটিজেন। যেমন : দ্য ক্রেক টিম নামে আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি পেইজের পোস্টে আরমান মালিক নামে একজন মন্তব্য করেছেন, হায়রে ক্ষমতা লোভীরে, শেষ পর্যন্ত আসল মুখোশ বেরিয়ে আসলো। এতে শুভ্র সরকার নামে অন্য একজন লিখেছেন, জনগণ চাইলে অবশ্যই যাবেন। জোর করে কেন যেতে চাচ্ছেন, তাইলে আপনার আর স্বৈরাচার শেখের মধ্যে পার্থক্য রইলো কই?
এ সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে সরাসরি দাবিটির পক্ষে যায় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে জামায়াত আমিরের এ ধরনের বক্তব্যের একটি ভিডিও পাওয়া যায়। গত বছরের (১ ডিসেম্বর) সোমবার বিকেলে খুলনা মহানগরীর শিববাড়ী বাবরী চত্বরে জামায়াতে ইসলামীসহ আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসম্পর্কিত কথা বলেন। এ সময় তিনি বলেন, চাঁদাবাজি, দুর্নীতি অব্যাহত রয়েছে। আগামী নির্বাচনে ছলে-বলে কৌশলে, কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দিক আর না দিক ক্ষমতায় আমাদের যেতে হবে। বন্ধুগণ বেলা শেষ, দিনও শেষ। সূর্যও ডুবে গেছে। এ বাংলাদেশে এটা হবে না, এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানে।
অর্থাৎ ‘জনগণ ভোট দিক আর না দিক ক্ষমতায় আমাদের যেতেই হবে’, জামায়াত আমির ডা. শফিকুর রহমান এমন বক্তব্য দিয়েছেন দাবি করে প্রচারিত ভিডিওটি পুরো বক্তব্যের খণ্ডিতাংশ।