নারী সমন্বয়কের ওপর যুবদলের হামলা দাবিতে ভারতের ভিডিও প্রচার

‘মধ্যরাতে তরুণ সমন্বয়ক নীলিমার উপর যুবদলের নির্মম হামলা!! যারা ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত বিএনপি'র শাসন দেখেননি এখন দেখে নেন, খুন সন্ত্রাস চাঁদাবাজি অর্থ পাচার তারেক জিয়াসহ বিএনপি'র ৯০% নেতারা অশিক্ষিত দুর্নীতিবাজ,খুনি, রিক্সাওয়ালার চাল পর্যন্ত কেড়ে নিতো এরা।’ এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।
এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুনএখানে, এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়নি। বরং, ভারতের একটি ঘটনার ভিডিও বাংলাদেশে একজন নারী সমন্বয়কের সঙ্গে যুবদলকে জড়িয়ে প্রচার করা হচ্ছে।
ফেসবুকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশকিছু পেজ এবং প্রোফাইল ৫-৬ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে কয়েকজন পুরুষ মিলে একজন নারী এবং পুরষকে বেধড়ক মারধর করতে দেখা যায়। পোস্টগুলোর মন্তব্যের ঘরে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে অনেককে।
তবে ছড়িয়ে পড়া ভিডিওটির কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ‘টাইমস নাও নিউজ’ নামে একটি ভারতীয় সংবাদপোর্টালে এ সম্পর্কিত একটি সংবাদ পাওয়া গেছে। এছাড়াও একই ঘটনার সংবাদ প্রকাশ করেছে হিন্দুস্থান টাইমস। পুলিশের বরাতে সংবাদগুলোতে জানানো হচ্ছে, ভারতের ওড়িশা রাজ্যের বেরহামপুরে গত সোমবার (১৮ মে) রাতে এক দম্পতি মোটরসাইকেলে যাওয়ার সময় আক্রমণের শিকার হন।
অন্যদিকে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে সমন্বয়ক নীলিমা দৌলার ওপর হামলা সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। এ ছাড়া নীলিমা দৌলার ফেসবুক প্রোফাইলেও এ সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি।
অর্থ্যাৎ, ‘মধ্যরাতে তরুণ সমন্বয়ক নীলিমার উপর যুবদলের হামলা’ দাবিতে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। মূলত ভারতের ওড়িশা রাজ্যের ভিডিও বাংলাদেশে নারী সমন্বয়কের ওপর যুবদলের হামলা দাবিতে প্রচার হচ্ছে এতে।