ইরানের হামলায় ইসরাইলের প্রধান বিদ্যুৎকেন্দ্র ধ্বংস দাবিতে প্রচার হচ্ছে এআই ছবি

‘ইসরাইলের প্রধান বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দিয়েছে ইরান, ইসরাইলের ১০০ ভাগের মধ্যে ৭০ ভাগ এলাকায় এখন বিদ্যুৎ ছাড়া অন্ধকার,” এমন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে জানা গেছে, ইসরায়েলের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম ওরোত রবিন (Orot Rabin)। হাদেরা (Hadera) শহরে সমুদ্র উপকূলেই অবস্থিত এটি।
প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, ‘শামিম ভাই ৫৫’ নামে একটি প্রোফাইল থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। পোস্ট করা ছবিটিতে দেখা যায়, দুটি চিমনিসহ বিদ্যুৎকেন্দ্র সদৃশ একটি স্থাপনায় আগুন জ্বলছে। এতে ক্যাপশনে দাবি করা হচ্ছে, “ইসরাইলের প্রধান বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দিয়েছে ইরান, ইসরাইলের ১০০ ভাগের মধ্যে ৭০ ভাগ এলাকায় এখন বিদ্যুৎ ছাড়া অন্ধকার।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, পোস্টটিতে ৪ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি অন্তত ৯ শতাধিক বার শেয়ার হতে দেখা গেছে। এছাড়াও পোস্টটিতে সাড়ে ৫ শতাধিক মন্তব্য পড়েছে, যেখানে নেটিজেনদের বেশিরভাগই দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তবে ছবিটি একাধিক এআই কন্টেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করে এতে ৯০ শতাংশের বেশি এআইর উপস্থিতি পাওয়া গেছে। ‘হাইভ মডারেশন’ ছবিটির ৯৯ শতাংশের বেশি এআই বলে জানিয়েছে এবং ‘সাইট ইঞ্জিন’ ছবিটিতে ৯২ শতাংশ এআইর উপস্থিতি শনাক্ত করতে পেরেছে।
এছাড়াও, এ সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে তুরস্কের আনদুলু সংবাদ সংস্থার একটি সংবাদ পাওয়া যায়। এতে জানানো হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাবিন পাওয়ার প্ল্যান্টের কাছে ভারী ধোঁয়া উঠতে দেখা যায়। অন্যান্য সংবাদ সূত্রেও জানা গেছে, ক্ষেপণাস্ত্রগুলো বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি জায়গায় আঘাত হানে। এতে বিদ্যুৎকেন্দ্রটি সরাসরি ধ্বংস হয়নি, তবে এলাকায় ধোঁয়া ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, প্রচারিত ছবিটিতে দেখানো স্থাপনাগুলো যেমন—দুটি চিমনি, গোলাকৃতির একাধিক জ্বালানি ট্যাঙ্ক এবং অন্য উপকরণগুলো যাচাই করে এশিয়া পোস্ট। যাচাইয়ে গুগল আর্থ ভিউ এবং এপল ম্যাপে স্থাপনাটির স্যাটেলাইট ভিউ মিলানো হয়। এতে দেখা যায়, বিদ্যুৎকেন্দ্রটিতে সমান্তরালে স্থাপিত ৪টি চিমনি রয়েছে। এছাড়াও প্রচারিত ছবিতে চিমনির পাশে যে জ্বালানি ট্যাঙ্কগুলো দেখানো হচ্ছে স্যাটেলাইট ভিউতে মূল স্থাপনায় তার উপস্থিতি পাওয়া যায়নি।
অর্থাৎ, “ইরান ইসরাইলের প্রধান বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দিয়েছে” দাবিতে প্রচারিত ছবিটি ভুয়া এবং এআইর সহায়তায় তৈরি করা।