logo

যুক্তরাষ্ট্রের বি-২ বিমান ধ্বংস করে ইরানের ঈদ উদযাপন দাবি করে এআই ছবি প্রচার

যুক্তরাষ্ট্রের বি-২ বিমান ধ্বংস করে ইরানের ঈদ উদযাপন দাবি করে এআই ছবি প্রচার

“ঈদের শুভেচ্ছা ইরানের পক্ষ থেকে পুরো মুসলিম বিশ্ব কে, ইতিহাসের শ্রেষ্ঠ ঈদ উদযাপন করেছে ইরান” এমন দাবিতে একটি ভূপতিত হওয়া বি-২ বিমানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি B-2 হলো বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড স্টিলথ বোমারু বিমান। ফ্লাইং উইং ডিজাইনের কারণে রাডারে প্রায় অদৃশ্য। এবং যেকোনো অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষব্যবস্থা ভেদ করে নিউক্লিয়ার বা প্রচলিত অস্ত্র ফেলতে পারে। 

প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে, নাজমুস সাকিব নামে মালয়েশিয়া থেকে পরিচালিত একটি প্রোফাইল থেকে দাবিটি সর্বপ্রথম পোস্ট করা হয়। ছবিটিতে দেখা যায়, ইরানের পতাকা এবং অস্ত্রহাতে সেনাসদ্যসরা একটি ভূপাতিত বি-২ বিমানের ওপর দাঁড়িয়ে আছে। ছবিটির ক্যাপশনে বলা হচ্ছে, “ঈদের শুভেচ্ছা ইরানের পক্ষ থেকে পুরো মুসলিম বিশ্ব কে, ইতিহাসের শ্রেষ্ঠ ঈদ উদযাপন করেছে ইরান।” 

আলোচিত ছবিটি বিভিন্ন গ্রুপ এবং পেজ থেকে পোস্ট করতে দেখা গেছে। এতে দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দেখিয়েছেন নেটিজেনদের অনেকেই। যেমন: জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ নামে পরিচালিত একটি গ্রুপে ছবিটি পোস্ট করা হলে সেখানে ৫ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়তে দেখা গেছে। এ ছাড়া পোস্টটিতে ২ শতাধিক মন্তব্য এবং অন্তত আড়াই শতাধিক বার শেয়ার হতে দেখা গেছে। 

তবে ছবিটি একাধিক এআই কন্টেন্ট শনাক্তকারী সাইটে আপলোড করে জানা গেছে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে। এর মধ্যে ‘এআই অর নট’ ‘হাইভমডারেশেন’ এবং ‘আনডিটেক্টেভল এআই’ এই তিনটি সাইটেই ছবিটিতে ৯০ শতাংশের উপরে এআই হিসেবে শনাক্ত করেছে। 

অন্যদিকে, সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে ইরান সম্পর্কিত সংবাদমাধ্যম গুলোতে এ সম্পর্কিত কোনো সংবাদ পাওয়া যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমগুলোতে চলমান যুদ্ধের মধ্যে বি-২ বোমারু বিমান ব্যবহার করে ইরানের নিউক্লিয়ার স্থাপনাগুলোতে হামলার সংবাদ পাওয়া গেছে। তবে এতে ইরানের হামলায় অন্যন্য উন্নত যুদ্ধবিমান, ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার সিস্টেম ধ্বংস বা আঘাতপ্রাপ্ত হলেও এখন পর্যন্ত বি-২ বোমারু বিমান ধ্বংস হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি। 

অর্থ্যাৎ, যুক্তরাষ্ট্রের বি-২ বিমান ধ্বংস করে ইরানের ঈদ উদযাপন দাবিতে প্রচারিত ছবিটি এআইয়ের সহায়তায় তৈরি। ইরানের সামরিক বাহিনী মার্কিন বি-২ বোমারু বিমান ধ্বংস বা ভূপাতিত করার দাবিটির সত্যতা পাওয়া যায়নি।