logo

ভারতে চালককে মারধরের ভিডিও কুষ্টিয়ায় আ. লীগ নেতাকে বিএনপির নির্যাতন দাবিতে প্রচার

ভারতে চালককে মারধরের ভিডিও কুষ্টিয়ায় আ. লীগ নেতাকে বিএনপির নির্যাতন দাবিতে প্রচার
কুষ্টিয়ায় আ. লীগ নেতাকে বিএনপির নির্যাতন দাবিতে প্রচার হচ্ছে ভারতের রাজস্থানের ভিডিও। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়ানো হচ্ছে, যেখানে দেখা যায় একজন ব্যক্তিকে এক্সকাভেটর মেশিনে ঝুলিয়ে পেটানো হচ্ছে। আওয়ামী লীগ সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক প্রোফাইল থেকে দাবি করা হচ্ছে, ‘কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুককে ভেকু গাড়িতে ঝুলিয়ে পেটাচ্ছে বিএনপির নেতাকর্মীরা’।

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং প্রচারিত ভিডিও মূলত ভারতের রাজস্থানে একজন চালককে মারধরের ঘটনার।

ফেসবুকে আলোচিত ভিডিওটির ক্যাপশনে কুষ্টিয়া জেলা আও্যয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক বলে দাবি করা হচ্ছে। দাবিটি বিশ্বাস করে শত শত নেটিজেন বিশ্বাস করে পোস্ট গুলোতে মন্তব্য করেছেন।

ফেসবুকে সংবাদমাধ্যমের অনুকরণে চালানো পেজগুলো থেকেও ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে। এছাড়াও ভিডিওটি কাজী জাহিদ নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন শিক্ষককেও পোস্ট করতে দেখা যায়।

তবে প্রচারিত ভিডিওটির কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ভারতের রাজস্থান রাজ্যের ২০২৫ সালের একটি ঘটনার সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। টুইটারে (বর্তমান এক্স) প্রচারিত পোস্টটি দেখুন এখানে।

এছাড়াও ভারতের মুম্বাই থেকে প্রকাশিত ‘দ্য ফ্রি প্রেস জার্নাল’ নামে একটি সংবাদমাধ্যমে ঘটনাটির বিস্তারিত সংবাদ প্রকাশ করা হয়। সংবাদটি সেখানে প্রকাশ হয় ২০২৫ সালের ২৫ মে। তবে প্রতিবেদনটিতে জানানো হয় ঘটনাটি আরও ৩ মাস আগের অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারি কিংবা মার্চের ঘটনা এটি।

অন্যদিকে সংবাদটির সূত্রে জানা যাচ্ছে, রাজস্থানের বিয়াওয়ার জেলার রায়পুর থানা এলাকার গুড়িয়া গ্রামের ঘটনা এটি। তেজপাল সিং উদাওয়াত নামে একজন তার নিজের এক্সকাভেটর চালককে ডিজেল চুরির সন্দেহে মারধর করা হয়। এ সময় চালককে উল্টো করে ঝুলিয়ে প্রায় তিন ঘণ্টা ধরে বেল্ট দিয়ে নির্মমভাবে মারধর ও নির্যাতন করা হয়।

এমনকি নির্যাতনের পর তার ক্ষতস্থানে লবণও লাগিয়ে দেওয়া হয়। মারধরকারী তেজপাল সিং একজন পেশাদার অপরাধী। অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন ছাড়াও তার বিরুদ্ধে রায়পুর থানায় একাধিক মামলা রয়েছে।

অর্থাৎ, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুককে বিএনপি নেতাকর্মীরা ঝুলিয়ে পেটাচ্ছে দাবিতে প্রচারিত ভিডিওটি মূলত ভারতের রাজস্থানের। তেল চুরির অভিযোগে এক্সকাভেটরটির চালককে মারধরের ভিডিও এটি। যা বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকে নির্যাতনের মিথ্যা দাবিতে প্রচার হচ্ছে।