বিএনপিকে চাঁদাবাজ দল বললে আইনগত ব্যবস্থার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে কেউ চাঁদাবাজ দল বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমন ঘোষণা দিয়েছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচিত সংসদসদস্য রুমিন ফারহানাকেও পোস্ট করেতে দেখা গেছে। পোস্টটিতে মাত্র ২ ঘন্টায় ৪০ হাজারের কাছাকাছি নেটিজেন প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়াও তার টাইমলাইন থেকে পোস্টটি ২ হাজারবারের কাছাকাছি শেয়ার হতে দেখা গেছে।
তবে ফটোকার্ডটিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবি করা শিরোনামটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত কোনো সংবাদমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর এ ধরনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে তার একটি বক্তব্য পাওয়া যায়। এতে তিনি বলেন, বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার করবে জণগন। দেখুন এখানে এবং এখানে।
তবে ‘বিএনপিকে চাঁদাবাজ দল বললে আইনগত ব্যবস্থা’ নেওয়ার ঘোষণা দেওয়া ফটোকার্ডটি রিভার্স ইমেজ সার্চ করে দেখা গেছে ‘আশার আলো’ নামে একটি ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি সর্বপ্রথম পোস্ট করা হয়েছে। তবে পেজটির এবাউট অংশে বিনোদন রূপে ট্রেন্ডিং টপিক নিয়ে পোস্ট করা হয় বলে ঘোষণা দেওয়া হয়েছে। এতে লেখা হয়েছে, ‘This page publishes viral and trending topics in an entertainment news format.’
অর্থাৎ, একটি বিনোদনমূলক পেজে পোস্ট করা ফটোকার্ড আসলেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে।