logo

লিওনেল মেসির কালেমা পড়ার ভাইরাল ভিডিওটি এআই জেনারেটেড ডিপফেক

লিওনেল মেসির কালেমা পড়ার ভাইরাল ভিডিওটি এআই জেনারেটেড ডিপফেক
লিওনেল মেসির কালেমা পড়ার ভাইরাল ভিডিওটি এআই জেনারেটেড ডিপফেক। ছবি : সংগৃহীত

বিশ্বখ্যাত আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি কালেমা পড়ছেন দাবি করে একটি ভিডিও ছড়ানো হয়েছে। এতে তাকে কালেমা উচ্চারণ করতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এ সম্পর্কিত দুটি পোস্ট দেখুন এখানে এবং এখানে। এ ছাড়াও ভিডিওটি ইউটিউবেও পোস্ট করা হয়েছে।

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ডিপফেক বলে জানা গেছে।

ডিপফেক কী?

ডিপফেক হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডিপ লার্নিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা অত্যন্ত নিখুঁত কিন্তু সম্পূর্ণ কাল্পনিক ছবি, অডিও বা ভিডিও। শব্দটি মূলত ‘ডিপ লার্নিং’ (Deep learning) এবং ‘ফেক’ (Fake) শব্দ দুটির মিশ্রণে তৈরি করা হয়েছে। এই প্রযুক্তির সহায়তায়, সাহায্যে কোনো ব্যক্তির মুখের আদল বা গলার স্বর হুবহু নকল করে এমন সব কনটেন্ট তৈরি করা হয়, যা দেখতে বাস্তব বলে মনে হয়, তবে আসল ঘটনা পুরোপুরি মিথ্যা।

সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে ‘প্রতিশ্রুতি’ নামে একটি পেজ থেকে ভিডিওটি সর্বপ্রথম (১১ মে সকালে) পোস্ট করা হয়। ১৫ সেকেন্ডের ভিডিওটি এই প্রতিবেদন লেখা পর্যন্ত উল্লিখিত পেজ থেকেই সাড়ে ৯ লক্ষাধিকবার দেখা হয়েছে। এ ছাড়াও পোস্টটিতে ৭৩ হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ২ হাজারের কাছাকাছি মন্তব্য পড়েছে। ভিডিওটিতে দেখা যায়, লিওনেল মেসি কালেমা পড়ার পর বলছেন, ‘এটা আমাকে শিখিয়েছে আমার এক মুসলিম ফ্যান, আচ্ছা আমি ঠিকমতো উচ্চারণ করতে পেরেছি ভালো করে?’

ভিডিওটির কমেন্টে নেটিজেনদের বেশির ভাগকেই দাবিটি বিশ্বাস করে সেখানে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে। শরীফ ডি নামে একটি প্রোফাইল থেকে মন্তব্য করা হয়েছে, ‘উচ্চারণ ঠিকই হয়েছে মেসি ভাই কিন্তু মন থেকে আল্লাহকে বিশ্বাস করার নামে মুসলিম কোরআন নামে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ যা সকলের জন্য আল্লাহর পবিত্র নেয়ামত জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’ শরীফুল সরদার নামে ভিন্ন একটি প্রোফাইল থেকে মন্তব্য করা হয়েছে, ‘আপনি খুব সুন্দর পরিষ্কার স্পষ্ট ভাবে উচ্চারণ করেছেন তার পর এটা বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।’ এ ছাড়াও ভিডিওটি উল্লিখিত প্রোফাইল থেকে ১৬ হাজার বারের অধিক শেয়ার হতে দেখা গেছে।

তবে একাধিক এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকরণ সাইট যেমন: ডিপ ওয়ার, হাইভ মডারেশন এবং সিন্থ-আইডিতে আপলোড করে ভিডিওটি ডিপফেক বলে জানা গেছে।

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি কনটেন্ট শনাক্তকরণ সাইট সাইট ইঞ্জিনে আপলোড করে জানা গেছে, ভিডিওটি গুগল এআই (Google AI) দ্বারা তৈরি করা হয়নি। তবে ভিডিওটিতে লিওনেল মেসির কণ্ঠ এবং মুখের অভিব্যক্তি এআই (AI Voice Cloning & Deepfake) প্রযুক্তির সাহায্যে পরিবর্তন করে তৈরি করা হয়েছে।

এ ছাড়া, অন্য একটি ডিপফেক কনটেন্ট শনাক্তকরণ সাইট ‘ডিপওয়ার’ ভিডিওটির ৮২ শতাংশ ক্ষেত্রে ডিপফেক শনাক্ত করেছে। অন্যদিকে, হাইভ মডারেশনে আপলোড করে ভিডিওটিতে ব্যবহৃত অডিওটির ৯৮ শতাংশের বেশি এআই হিসেবে চিহ্নিত করেছে।

তবে প্রচারিত দাবিটির সঙ্গে সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে নির্ভরযোগ্য কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবিটি প্রমাণিত হয় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও ভিডিওটিতে মেসিকে বাংলায় কথা বলতে শোনা যায়, যা বাস্তবিক অর্থে প্রায় অসম্ভব।

অর্থ্যাৎ, লিওনেল মেসি কালেমা পড়ছেন দাবিতে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ডিপফেক ভিডিও। এ ধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি।