বগুড়া-৬ আসনে জাইমা নির্বাচন করবেন দাবিতে প্রচারিত ভিডিওটি এআই

“ব্রেকিং নিউজ - তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে নির্বাচন করবে জাইমা রহমান” এমন দাবিতে সংবাদের আদলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে। এ সম্পর্কিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। সংবাদ উপস্থাপন নকল করে প্রচারিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিভিশন চ্যানেল দেশটিভিকে নকল করে তৈরি শেষটিভি নামে একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। এতে জাইমা রহমানকে বলতে দেখা যায়, “আপনারা সবাই জানেন যে আমার আব্বু বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন। সে সুবাধে আমি চাচ্ছি এই আসন থেকে নির্বাচন করতে। তবে আমি আগে আপনাদের পরামর্শ চাই। আপনারা যেটা চাইবেন সেটাই করব ইনশাআল্লাহ। আপনারা কী মনে করেন, এই আসনে আমি নির্বাচন করব? নাকি না করলে ভালো হবে? অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করুন প্লিজ।”
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, উল্লিখিত পেজে ভিডিওটিতে তিন হাজারের বেশি প্রতিক্রিয়ার পাশাপাশি ৩ লাখ ৪৬ হাজারের বেশিবার দেখা হয়েছে। এছাড়াও পোস্টটিতে ১ হাজারের কাছাকাছি মন্তব্য পড়েছে , সেখানে নেটিজেনদের অনেকেই দাবিটি বিশ্বাস করে প্রতিক্রিয়া দেখিয়েছেন। ভিডিওটি শর্মিলা রহমান নামে ফেসবুক গ্রুপে পোস্ট করা হয়েছে। নেটিজেনদের অনেকে সেখানে বেগম খালেদা জিয়ার বড়ছেলে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমানের নাম প্রস্তাব করতে দেখা গেছে।
প্রচারিত ভিডিওটি হাইভ মডারেশন এবং সিন্থ-আইডি এ দুটি এআই কন্টেন্ট শনাক্তকরণ সাইটে আপলোড করে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি বলে জানা গেছে। হাইভমডারেশনে ভিডিওটিতে ব্যবহৃত অডিওটির ৯৯.৯ শতাংশ এবং ভিডিওটির ৫.৬ শতাংশ এআই বলে জানিয়েছে। অন্যদিকে সিন্থআইডি ভিডিওটিতে সিন্থআইডির ওয়াটারমার্ক শনাক্ত করতে পারেনি, যার অর্থ ভিডিওটি গুগল এআইএর সহায়তায় তৈরি করা হয়নি। তবে সিন্থআইডি জানিয়েছে, ভিডিওর অডিও আর ঠোঁটের নড়াচড়া ঠিকমতো মিলছে না। মুখভঙ্গি কিছুটা আড়ষ্ট বা অস্বাভাবিক লাগছে, যা দেখে বোঝা যায় এটি একটি ডিপফেক (বা নকল) ভিডিও।
অন্যদিকে, ভিডিওটি ইনভিডে কি-ফ্রেম বিশ্লেষণ করে, গত ৮ ফেব্রুয়ারি রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়া জাইমা রহমান এবং ভিডিওতে প্রদর্শিত জাইমা রহমানের ছবির মিল পাওয়া যায়। ‘গণতন্ত্রের সংগ্রামে নারী : অবদান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকটি আয়োজন করে উইমেন ইন ডেমোক্রেসি (উইন্ড) নামে একটি সংগঠন।
সম্পর্কিত কি-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে দাবিটির পক্ষে যায় এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। এছাড়াও বিএনপি এবং জাইমা রহমানের অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোফাইলেও দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।