logo

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে রুমিন ফারহানা রাজপথে নেমেছেন দাবিতে ছড়ানো হচ্ছে জুলাইয়ের ভিডিও

আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে রুমিন ফারহানা রাজপথে নেমেছেন দাবিতে ছড়ানো হচ্ছে জুলাইয়ের ভিডিও

‘আওয়া মীলীগ নিষিদ্ধের প্রতিবাদে সংসদ থেকে রাজপথে রুমিন ফারহানা, রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি!’ এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ইউটিউবে ছড়ানো হয়েছে। 

এ সম্পর্কিত কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে এশিয়া পোস্টের যাচাইয়ে দাবিটির সত্যতা পাওয়া যায়নি। 

প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, বিক্ষোভরত একদল মানুষ স্লোগান দিচ্ছে, ‘আওয়ামী লীগের নিষিদ্ধ মানি না মানবো না মানবো না।’ এরপরই দেখানো হয়, সাংবাদিকের প্রশ্নের জবাবে রুমিন ফারহান বলছেন, ‘আমরা রাস্তা থেকে যাব না, আমার আসার উদ্দেশ্য একটাই আমি বাংলাদেশের নাগরিক, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।’ এরপরই টেলিভিশন টকশোতে রুমিন ফারহানা বলছেন, ‘নিষিদ্ধ করবার ম্যান্ডেটটা, নিষিদ্ধ করবার অধিকারটা তাদেরকে কে দিল? ২ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওটিতে এরপর বিভিন্ন ফুটেজ দেখানোর পাশাপাশি উপস্থাপক অডিওতে কথা বলতে থাকেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি একাধিক পেইজ থেকে পোস্ট করার পাশাপাশি ইউটিউবেও একাধিকবার পোস্ট করতে দেখা গেছে। ফেসবুকে বিজয় নিউজ ‍টুডে নামে একটি পেজ থেকে পোস্ট করা ভিডিওটিতে ৮ হাজারের কাছাকাছি প্রতিক্রিয়ার পাশাপাশি লক্ষাধিকবার ভিউ হতে দেখা গেছে। এ ছাড়াও ভিডিওটি ৩ হাজারের কাছাকাছিবার শেয়ার করা হয়েছে। অন্যদিকে ইউটিউবেও ভিডিওটি ৮০ হাজারের বেশি ভিউ হতে দেখা গেছে। 

তবে ভিডিওটির গুরুত্বপূর্ণ কিছু ফ্রেম রিভার্স সার্চ করে ২০২৪ সালে কেন্দ্রীয় শহীদ মিনারে রুমিন ফারহানার রাজনৈতিক কর্মসূচির মিল পাওয়া যায়। জুলাই অভ্যুত্থানের সময় ৩ আগস্টে পোস্ট করা একাধিক ভিডিওতে একই শাড়িতে এবং একই আন্দোলনের ফ্রেমে তাকে দেখা গেছে। এধরনের দুটি ভিডিও দেখুন এখানে এবং এখানে। 

এতে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘আমার আসার উদ্দেশ্য একটাই, আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলাদেশের নাগরিক, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, আমার বাবার অবদান আমি জানি, দেশের মানুষ জানে।  আমি কোন রাজনৈতিক দল হিসেবে আসি নাই। আমি কোন গোষ্ঠী হিসেবে আসি নাই। আমি একা আসছি আমার ভাই বোনরা দেখছে। 

এ সময় তিনি আরও বলেন, ‘আমাদের ট্যাক্সের পয়সায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন হয়, তারা আমার সন্তানদের গায়ে গুলি করেছে। সেই জন্য আমি আজকে এসেছি। যতদিন আন্দোলন চলবে যতদিন এই স্বৈর সরকারের পতন না হবে আমরা রাস্তা থেকে যাব না।’ 

এ ছাড়াও দাবিটির সঙ্গে সম্পর্কিত কী-ওয়ার্ড সার্চ করে দেশের প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমগুলোতে এ ধরনের কোনো সংবাদ পাওয়া যায়নি। 

অর্থ্যাৎ, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে সংসদ থেকে রাজপথে রুমিন ফারহানা; রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি’ দিয়েছেন দাবিতে প্রচারিত দাবিটি মিথ্যা। মূলত জুলাই অভ্যুত্থানের সময় কেন্দ্রীয় শহীদ মিনারে দেওয়া বক্তব্য এবং ফুটেজ সম্পাদনা করে ভিডিওটি বানানো হয়েছে।