প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে আইজিপির নির্দেশ

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির নৌ পুলিশের কার্যক্রমে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেছেন, প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার মাধ্যমে নৌপথে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জনগণের জন্য আরও দ্রুত, কার্যকর ও সেবামুখী পুলিশি সেবা নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীর গুলশান-১ এলাকার পুলিশ প্লাজা কনকর্ডে অবস্থিত নৌ পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে নৌ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম তাকে স্বাগত জানান। পরে নৌ পুলিশের চলমান কার্যক্রম, বিভিন্ন ইউনিটের দায়িত্ব পালন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে একটি বিস্তারিত উপস্থাপনা অনুষ্ঠিত হয়। এ সময় আইজিপি নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম সম্পর্কে অবহিত হন।
সভায় আইজিপি সম্প্রতি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নৌ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, উৎসবকেন্দ্রিক সময়ে নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। নৌ পুলিশ দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে সেই দায়িত্ব পালন করেছে, যা প্রশংসার দাবিদার।
তিনি দেশের নদীপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, জলদস্যুতা প্রতিরোধ, অবৈধ কর্মকাণ্ড দমন, ইলিশসহ বিভিন্ন মৎস্যসম্পদ সংরক্ষণ এবং জলজ সম্পদ রক্ষায় নৌ পুলিশের অবদানও উল্লেখ করেন। তিনি বলেন, দেশের অর্থনীতি, পরিবেশ ও জননিরাপত্তার সঙ্গে নদীকেন্দ্রিক কর্মকাণ্ড গভীরভাবে সম্পর্কিত। তাই নদীপথে আইনশৃঙ্খলা রক্ষা ও সম্পদ সংরক্ষণে নৌ পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আইজিপি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া বর্তমান সময়ের অপরাধ মোকাবিলা এবং কার্যকর আইন প্রয়োগ সম্ভব নয়। নৌ টহল, নজরদারি, তথ্য সংগ্রহ ও অপরাধ বিশ্লেষণসহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়াতে হবে। একই সঙ্গে জনগণের কাছে সহজে পৌঁছানো এবং দ্রুত সেবা প্রদানের জন্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, পুলিশের প্রতি জনগণের আস্থা বৃদ্ধির অন্যতম শর্ত হলো মানবিক ও পেশাদার আচরণ। জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি আরও সুদৃঢ় করতে হবে। সেবাগ্রহীতাদের প্রতি সম্মান, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পুলিশি সেবা প্রদানের বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থায়ন) মো. আকরাম হোসেন, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি সরদার নুরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট) আহম্মদ মঈদসহ নৌ পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।