জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের প্রসার ঘটাবে ইসলামি বইমেলা: ধর্মমন্ত্রী

সাধারণ মানুষের মাঝে ইসলামি জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও নৈতিক মূল্যবোধের প্রসারে মাসব্যাপী ইসলামি বইমেলা বিশেষ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, সব বয়সী মানুষ যেন ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণে গড়ে ওঠে এবং হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবনাদর্শ ও ইসলামের প্রকৃত বার্তা সবার কাছে পৌঁছে, সে লক্ষ্য বাস্তবায়নে এই মেলা সহায়ক হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগ এর আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী বলেন, অতীতের রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করে এই প্রতিষ্ঠানকে পবিত্র কোরআন ও হাদিস প্রচারের প্রকৃত কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। বিগত ১৭ বছর ধরে ইসলামি ফাউন্ডেশনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।
পবিত্র কোরআন-হাদিসের বই প্রকাশের কাজ কখনও বন্ধ হবে না বলে জানান তিনি।
দেশের বিদ্যুৎ ও গ্যাস খাতের সংকট প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, বিগত ১৮ বছরে এই খাতগুলোকে ধ্বংস করা হয়েছে এবং এগুলো পুনর্গঠনে বর্তমান সরকারকে সময় দিতে হবে।
বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে তিনি জানান, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩৪১ জন হাজির অব্যয়িত মোট ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দিয়ে বর্তমান সরকার এক নতুন নজির স্থাপন করেছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে এ বছর হজের বিমানভাড়া ১ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়, যা ২০২৩ সালেও ছিল ১ লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতার ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানী ভাতার আওতায় আনতে এর মধ্যেই ১৩ হাজার ৯৪৯ জন ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও সেবাইতকে ভাতা প্রদান করা হয়েছে। এ ছাড়াও বর্তমান সরকার কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড চালুর পাশাপাশি সারাদেশে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে বলে তিনি জানান তিনি।
দেশি-বিদেশি মোট ২০৬টি স্টল নিয়ে আয়োজিত বইমেলা আগামী ১১ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।


