logo
Advertisement

একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সংগৃহীত

এবারের ঈদযাত্রা সন্তোষজনক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেছেন, যাত্রীরা নির্ধারিত ভাড়ায় নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারছেন এবং নানা চ্যালেঞ্জ থাকলেও সামগ্রিকভাবে একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি।

বুধবার (২৭ মে) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, কাউন্টারগুলোতে নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ এখন পর্যন্ত খুব বেশি পাওয়া যায়নি। তবে মাঝপথে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছাতে যে কোনো বাসে উঠতে চাইলে কিছু ক্ষেত্রে সুযোগ নিয়ে বেশি ভাড়া আদায়ের ঘটনা ঘটছে। তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জরিমানাও করা হচ্ছে। যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না যায়, সে জন্য কঠোর নজরদারি চলছে।

তিনি বলেন, যমুনা সেতুর আগে চন্দ্রা এলাকায় যানবাহনের ধীরগতি দেখা গেলেও এটি অস্বাভাবিক নয়। কারণ, সাত লেনের যানবাহন দুই লেনে প্রবেশ করায় সেখানে গাড়ির গতি কমে যাচ্ছে। তবে ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই বলেও দাবি করেন তিনি।

ঈদযাত্রার চাপ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রায় দেড় কোটি মানুষ দুই-তিন দিনের মধ্যেই ঢাকা ছেড়েছে। আবার প্রায় ৮০ লাখ কোরবানিযোগ্য পশুও পরিবহন করতে হচ্ছে। পরিবহন খাতের সামর্থ্যের শতভাগ দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।

এ সময় তিনি যাত্রীদের উদ্দেশে ধৈর্য ধরার আহ্বান জানান। তার মতে, অনেক যাত্রী আগাম টিকিট না কেটে শেষ মুহূর্তে যাত্রা শুরু করেন, ফলে চাপ আরও বেড়ে যায় এবং তখন কিছু অসাধু ব্যক্তি সুযোগ নেয়।

এ সময় উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানো নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। বিষয়টি সিটি করপোরেশনের আওতাধীন এবং ইজারাসংক্রান্ত দায়-দায়িত্ব তাদেরই।

তিনি আরও দাবি করেন, ঈদযাত্রায় নানা চ্যালেঞ্জ থাকলেও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এবং যাত্রীরা নির্ধারিত ভাড়ায় নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারছেন।