logo

ঈদযাত্রা: অনলাইনে যেভাবে ট্রেন-বাসের টিকিট কাটবেন

ঈদযাত্রা: অনলাইনে যেভাবে ট্রেন-বাসের টিকিট কাটবেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে মঙ্গলবার (৩ মার্চ) থেকে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। একইভাবে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিটও বিক্রি শুরু হয়েছে কাউন্টার ও অনলাইন—দুই মাধ্যমেই।

অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন

অনলাইনে খুব সহজেই ট্রেনের টিকিট ক্রয় করা সম্ভব। ঘরে বসেই খুব সহজে কম্পিউটার বা স্মার্টফোনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটেপ্রবেশ করে ট্রেনের টিকিট কাটা যায়।

এ ছাড়া মোবাইলের প্লে-স্টোর থেকে রেল সেবা অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে রেজিস্ট্রেশন করে অনলাইনে খুব সহজেই ট্রেনের টিকিট কাটতে পারবেন। এখানে বিকাশ, নগদ অথবা ব্যাংকের মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করতে পারবেন। এটি খুবই সহজ একটি পদ্ধতি৷

অনলাইনে ট্রেনের টিকিট কাটতে মানতে হবে যেসব নিয়ম

অনলাইনে টিকিট কাটার জন্য রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা ডাউনলোড করা ‘রেল সেবা’ অ্যাপে ঢুকে রেজিস্ট্রেশন করে নিতে হবে।

এরপর আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ই-মেইল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

সব তথ্য ঠিক থাকলে রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হবে এবং বাংলাদেশ রেলওয়ে নামে নতুন একটি পেজ আসবে। এখানে ইউজার অটো লগইন হয়ে যাবে। প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অটো লগইন না হয়ে থাকলে প্যানেলে ই-মেইল ও পাসওয়ার্ড পূরণ করে লগইন বাটনে ক্লিক করতে হবে।

অনলাইনে যেভাবে বাসের টিকিট কাটবেন

ঈদের সময় বাসের টিকিট পেতেও অনেক ভোগান্তি পোহাতে হয়। তাই চাইলে এখন কাউন্টারে না গিয়ে ঘরে বসেই কাটতে পারবেন বাসের টিকিট।

বাসের টিকিট কাটতে বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট বা অ্যাপ জনপ্রিয়। যেমন—সহজ ডটকম, বিডিটিকেটস। সবগুলোরই রেজিস্ট্রেশন প্রক্রিয়া একই। চাইলে তাদের ওয়েবসাইট অথবা গুগল প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামিয়ে টিকিট কাটতে পারেন। এক্ষেত্রেও প্রয়োজন এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার।

অনলাইনে বাসের টিকিট কাটতে মানতে হবে যেসব নিয়ম

ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সামনে যে পেজ আসবে, শেখানে কোথায় থেকে কোথায় যাবেন এবং যাত্রার তারিখ উল্লেখ করতে হবে। এরপর সার্চ বাস লিখে অপশনে ক্লিক করতে হবে। আপনার পছন্দ প্রয়োজন অনুযায়ী সিট সিলেক্ট করুন এবং ওকে করুন। এরপর যাত্রীর ডিটেলস দিতে হবে।

এরপর পেমেন্ট অপশন আসবে। ই-ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট সম্পূর্ণ করার পর টিকিট ডাউনলোডের অপশন চলে আসবে। সেখান থেকে টিকিটটি ডাউনলোড করে নিতে পারবেন।