logo

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় বিশেষ রিকশা উদ্বোধন

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় বিশেষ রিকশা উদ্বোধন
বিশেষ রিকশায় বসে ছবি তুলেছেন রাষ্টদূত ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন দেশটির পতাকার রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশা উদ্বোধন করেছেন।

বুধবার (২০ মে) ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ খবর জানানো হয়েছে।

পোস্টে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনকে রিকশায় বসে ছবি তুলতে দেখা যায়। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন রাষ্ট্রদূত।

এই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস ও উদযাপনের বার্তা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অংশীদারিত্বের প্রতিফলন হিসেবেও প্রকাশ পেয়েছে।

বিশেষভাবে নকশা করা রিকশাগুলোতে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার আদলে রঙের ব্যবহার করা হয়েছে। এই উদ্যোগ দুই দেশের সাংস্কৃতিক বন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে নজর কাড়ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, এই আয়োজন শুধু যুক্তরাষ্ট্রের স্বাধীনতার উদযাপন নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যকার বন্ধুত্ব এবং পারস্পরিক সহযোগিতার সম্পর্ককেও আরও দৃঢ়ভাবে তুলে ধরে।

তিনি আরও জানান, বাংলাদেশি সংস্কৃতির অন্যতম পরিচিত বাহন রিকশাকে কেন্দ্র করে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষও যেন এই আনন্দ ও উদযাপনের অংশীদার হতে পারেন।