logo

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। ছবি: এশিয়া পোস্ট

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮৪ জনে।

রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৯৭২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে মারা যাওয়া ৬ জনের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুজন করে এবং বরিশাল ও ঢাকা বিভাগে একজন করে রয়েছেন।

এখন পর্যন্ত দেশে মোট ৫৭ হাজার ৬১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, চলতি সেপ্টেম্বর মাসেই দেশের ইতিহাসে এই বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী মারা গেছেন। চলতি মাসের প্রথম ২০ দিনেই প্রাণ হারিয়েছেন ৮৭ জন, যা পুরো বছরের মোট মৃত্যুর প্রায় অর্ধেকের কাছাকাছি।

এর আগে আগস্ট মাসে ৪৩ জন, জুলাই মাসে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়েছিল। মে মাসে এই সংখ্যা ছিল মাত্র ১ জন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।