logo
Advertisement

নতুন দায়িত্ব পেলেন আশিক চৌধুরী

এশিয়া পোস্ট নিউজ
নতুন দায়িত্ব পেলেন আশিক চৌধুরী
চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন নবগঠিত ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

সরকারের বিনিয়োগসংক্রান্ত তিনটি সংস্থা— বিডা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।

গত ২০ আগস্ট থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর হয়েছে। আইনটি কার্যকর হওয়ার পরদিনই নতুন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে ২১ ও ২২ আগস্ট চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে চুক্তিভিত্তিক চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে।

আশিক চৌধুরী বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন কর্তৃপক্ষের সদস্য হিসেবে আরও দুজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নাহিয়ান রহমান রচিকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় সদস্য করা হয়েছে। একই মেয়াদে এয়ার ভাইস মার্শাল (অব.) মো. শাহারুল হুদাকে সচিব পদমর্যাদায় সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়া সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুর রাজ্জাক সরকারকে সচিব পদে পদোন্নতি দিয়ে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে। এ বিষয়ে ২২ আগস্ট প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্টদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এসব নিয়োগের আদেশ জারি করা হয়েছে।