logo

ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’, দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে

ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’, দূষিত শহরের তালিকায় আজও শীর্ষে

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা। শুক্রবার (৬ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ৩২৯, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআইকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

পাকিস্তানের লাহোর তালিকার দ্বিতীয় অবস্থানের রয়েছে। এই শহরের বায়ুমানের স্কোর ২৯৩। ঢাকার চেয়ে লাহোরের বাতাসে দূষণের মাত্রা কিছুটা কম। তবে এই শহরের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

পঞ্চম অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৮০। এরপরের অবস্থানে থাকা দেশটির আরেকটি শহর কলকাতার স্কোর ১৭৪। দুটি শহরের বায়ুমানের স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

এদিকে ১৮১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভিয়েতনামের হেনোই, ১৮০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, ১৬৯ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে নেপালের কাঠমান্ডু, ১৬৮ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে উগান্ডার কামপালা, ১৬০ স্কোর নিয়ে নবম অবস্থানে থাইল্যান্ডের চিয়াং মাই এবং ১৫৩ স্কোর নিয়ে দশম অবস্থানে রয়েছে সেনেগালের ডাকার।

ঢাকায় এমন ভয়াবহ বায়ুদূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলাকে দায়ী করছেন পরিবেশবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ভয়াবহ এই দূষণের ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।