৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, ৬৪ জেলায় ৬৪ জন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
সংসদে রুমিন ফারহানা বলেন, বর্তমান সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার তালিকায় প্রথম তিনটি বিষয় ছিল আইনশৃঙ্খলার উন্নতি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি খাতের নিশ্চয়তা। কিন্তু এসব ক্ষেত্রে মানুষের প্রত্যাশা পূরণ হয়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সমস্যার সমাধানের বদলে ব্যঙ্গ বা বাকচাতুর্যের মাধ্যমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা দেখা যায়।
তিনি বলেন, ‘যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি হয় ব্যঙ্গ করেন, না হলে বাকচাতুর্য দিয়ে পুরো বিষয়টিকে ঢেকে দিতে চান। কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কথা বললে জানা যায়, বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেমন তিনজন মন্ত্রী আছেন, ৬৪ জেলায় ৬৪ জন আইনশৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে কেবল মন্দ হতো না।’
রুমিন ফারহানা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমন মন্তব্য করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে।
জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুতের পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে হতাশা রয়েছে। তেলের দাম বাড়ছে, বিদ্যুৎ নিয়ে সংকট রয়েছে এবং অনেক জায়গায় গ্যাস পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, নির্বাচনের আগে সরকার এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই ৬২ হাজার মানুষ চাকরি হারিয়েছেন এবং ৯০০টির বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে বলে তিনি দাবি করেন।
দ্রব্যমূল্য নিয়েও সরকারের সমালোচনা করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, বাজারে এখন ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। কয়েক দফায় ডিমের দাম বেড়েছে। চালের দামও বেড়েছে, বিশেষ করে মিনিকেট চালের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
রুমিন ফারহানা বলেন, মূল্যস্ফীতির চাপে সাধারণ মানুষের জীবন নাভিশ্বাস হয়ে উঠেছে। আইনশৃঙ্খলা, জ্বালানি ও দ্রব্যমূল্য—সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।



