logo

মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় শপথ: আইন উপদেষ্টা 

মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় শপথ: আইন উপদেষ্টা 

আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

সবিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

আসিফ নজরুল বলেন, আমি ধারণা করছি, খুব সম্ভবত নির্বাচন কমিশনরার এ শপথ দেবেন। মঙ্গলবার বিকেল চারটায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ হবে। আমার জানামতে, এটি রাষ্ট্রপতি করবেন। 

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শপথের পরই তাদের সংসদীয় দলের প্রধানকে নির্বাচিত করবেন। 

এই সংসদটা একটু ভিন্ন জানিয়ে আসিফ নজরুল বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং কষ্ট ও বেদনার বিনিময়ে এই সংসদ পেয়েছি। এই সংসদ প্রাঙ্গণে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে। জুলাই সনদ ঘিরে যে অনুষ্ঠান, সেটাও এখানে আয়োজন করা হয়েছে। 

শপথ অনুষ্ঠানে কারা আমন্ত্রিত হবেন, এমন প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সিদ্ধান্ত নেবেন। আমার জানামতে, এখন পর্যন্ত সার্কভুক্ত দেশগুলোকে দাওয়াত দেওয়া হয়েছে। সেখানের মন্ত্রীদের দাওয়াত দেওয়া হয়েছে।