রোহিঙ্গাদের নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিতের আহ্বান হেফাজতের

রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিনের নিপীড়ন ও নাগরিক অধিকার হরণের অবসান ঘটিয়ে পূর্ণ নাগরিক মর্যাদায় তাদের নিরাপদ, সম্মানজনক ও টেকসই স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিতের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ‘উদ্বাস্তু রোহিঙ্গাদের পূর্ণ-নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান তিনি। হেফাজতে ইসলাম কক্সবাজার জেলা শাখা এর আয়োজন করে।
প্রধান আলোচকের বক্তব্যে আজিজুল হক ইসলামাবাদী বলেন, বাংলাদেশের জনগণ মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিলেও দীর্ঘস্থায়ী এ সংকট কক্সবাজারসহ দেশের ওপর বহুমুখী চাপ সৃষ্টি করছে।
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং ভবিষ্যতে পুনরায় বাস্তুচ্যুতির ঝুঁকি এড়াতে মিয়ানমারে তাদের নাগরিকত্ব, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বৈঠকের প্রধান অতিথি কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় বাংলাদেশ, বিশেষত কক্সবাজার, বহুমুখী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা ও সমন্বিত কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন।
হেফাজতে ইসলাম কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক মাওলানা মুহাম্মদ মুসলিমের সভাপতিত্বে এবং জেলা সদস্য হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তব্য দেন সংগঠনের জেলা সদস্যসচিব মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব। এতে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও জামিয়া আজিজুল উলুম বাবুনগরের মুহাদ্দিস মাওলানা ড. হারুন আজিজী নদভী, জেলা হেফাজতে ইসলামের যুগ্ম আহ্বায়ক মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রাহমত সালাম, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা সভাপতি মাওলানা আফসার উদ্দিন চৌধুরী, হাশেমিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক, বিশিষ্ট প্রাবন্ধিক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতারুল আলম, জেলা নেজামে ইসলাম পার্টির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নিজামুল হক, কক্সবাজার জেলা প্রেসক্লাব সভাপতি বেলাল তৌহিদ, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু প্রমুখ।
