গাড়ির মালিকানা পরিবর্তন সেবা সহজ করল বিআরটিএ

এশিয়া পোস্ট ডেস্ক
গাড়ির মালিকানা পরিবর্তন সেবা সহজ করল বিআরটিএ
ছবি : সংগৃহীত

পুরোনো মোটরযান বা গাড়ি কেনার পর অনেক ক্ষেত্রে নতুন ক্রেতারা মালিকানা পরিবর্তন না করেই যানবাহন ব্যবহার করছেন। এতে বিপাকে পড়ছেন অনেক গাড়ির সাবেক মালিক। বিভিন্ন কর, সারচার্জ ও অন্যান্য আর্থিক দায় তাদের ঘাড়ে যাচ্ছে।

Advertisement

তাই এখন মালিকানা পরিবর্তন আরও সহজ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আবেদনের পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) যাচাই করা হয় এবং একই দিনে মালিকানা পরিবর্তন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

এদিকে মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে জরুরি নির্দেশনা জারি করেছে বিআরটিএ। বুধবার (২৪ জুন) এ-সংক্রান্ত এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরযান বিক্রির পর অনেক ক্ষেত্রে নতুন ক্রেতারা মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন না করেই যানবাহন ব্যবহার করছেন। এর ফলে যানটির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর, সারচার্জ ও অন্যান্য আর্থিক দায় আগের মালিকের নামে থেকে যাচ্ছে।

বিআরটিএ বলছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুসারে মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু এ নিয়ম অনুসরণ না করায় যানবাহনের অগ্রিম আয়কর, বিশেষ ক্ষেত্রে ১৫০ শতাংশ পর্যন্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের দায়ভার বিক্রেতার ওপর বর্তাচ্ছে।

এ সমস্যা সমাধানে মালিকানা পরিবর্তনপ্রক্রিয়া সহজ করেছে বিআরটিএ।

সংস্থাটি জানিয়েছে, মালিকানা পরিবর্তনের জন্য প্রথমে অনলাইনে (https://bsp.brta.gov.bd/) আবেদন দাখিল করতে হবে। আবেদনের পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ড-হেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) যাচাই করা হয় এবং একই দিনে মালিকানা পরিবর্তন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

একই দিনে ক্রেতাও (নতুন মালিক) ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য তার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ প্রদান করতে পারছেন।

বিআরটিএ সতর্ক করে জানিয়েছে, যানবাহন বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে। আইন অনুযায়ী মালিকানা পরিবর্তন না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।