logo

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের

আসন্ন ঈদকে সামনে রেখে রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

বৃহস্পতিবার (১২ মার্চ) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদের সময় অধিকাংশ মানুষ ঢাকা ছেড়ে নিজ নিজ বাড়িতে চলে যান। এ সময়ে রাজধানীতে ছিনতাই, অজ্ঞান বা মলম পার্টিসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে। তাই এসব অপতৎপরতা প্রতিরোধে পুলিশ সদস্যদের সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সততা ও পেশাদারি বজায় রেখে দায়িত্ব পালন করলে পুলিশের ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে, তেমনি জননিরাপত্তাও নিশ্চিত হবে। ঈদ উপলক্ষে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে, যাতে যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল যাত্রা নিশ্চিত করা যায়।

সভায় বক্তব্য দেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, ঈদযাত্রা উপলক্ষে রাজধানীর প্রধান বাস ও নৌ টার্মিনাল—গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর ও সদরঘাট এলাকায় বিশেষ নজরদারি জোরদার করতে হবে। একই সঙ্গে ঈদের ছুটিকালীন সময়ে ঢাকা শহরের প্রতিটি এলাকায় বিটভিত্তিক টহল ডিউটি বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে বিভিন্ন বাজার ও শপিংমলে স্থাপিত সিসি ক্যামেরা সচল রয়েছে কি না তা নিয়মিত তদারকির নির্দেশ দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিকভাবে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথাও উল্লেখ করেন তিনি।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ফেব্রুয়ারি মাসে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের জন্য ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ রাজধানীর বিভিন্ন থানার ওসি এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা।