logo

শেবাকৃবিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণা

শেবাকৃবিতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সংগঠনটির কেন্দ্রিয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বিজ্ঞপ্তিটি পোস্ট করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।

বাংলাদেশে নিষিদ্ধঘোষিত সংগঠনটির এই শাখা কমিটিতে সভাপতি করা হয়েছে গৌতম রনি দাসকে, সাধারণ সম্পাদক জামিউল আলম পরশ এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সূর্য ইসলামকে।

এর আগে গত ১৮ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে সারা দেশে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশ দেয়া হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগের অন্তর্গত যেসকল জেলা, মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ (কেন্দ্রীয় নির্বাহী সংসদের আওতাধীন সাংগঠনিক জেলা মর্যাদার ইউনিট) শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি সেসকল ইউনিটকে আগামী ১৭ মের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন কার্যক্রম সম্পন্ন করে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের দপ্তর সেলে প্রেরণ করার নির্দেশনা প্রদান করা যাচ্ছে।’

উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ক্ষমতাবলে ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।

সংগঠটির বিরুদ্ধে হত্যা, নির্যাতন, গণরুমকেন্দ্রিক নিপীড়ন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ, যৌন নিপীড়নসহ নানাবিধ জননিরাপত্তা বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

bigStoryContent