সাইবার হামলার শিকার আবহাওয়া অধিদপ্তরের রাডার সাইট ও পানি উন্নয়ন বোর্ড

এশিয়া পোস্ট নিউজ
সাইবার হামলার শিকার আবহাওয়া অধিদপ্তরের রাডার সাইট ও পানি উন্নয়ন বোর্ড
সাইবার হামলার শিকার দুটি ওয়েবসাইট। ছবি: সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রাডার সাইট এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) গভীর রাতে এ হ্যাকিংয়ের ঘটনা ঘটে।

আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোস্তফা কামাল পলাশ জানান, সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মূল ওয়েবসাইটটি আপাতদৃষ্টিতে সচল বা ঠিক রাখা হয়েছে। তবে মূল ওয়েবসাইটের অভ্যন্তরীণ রাডার সাইটটি হ্যাক করা হয়েছে, যার ফলে রাডার থেকে চলমান ভারী বৃষ্টিপাত সংক্রান্ত কোনো তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে না।

দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে বন্যা পরিস্থিতি শুরু হয়েছে। এই সংকটময় মুহূর্তে মানুষের জানমাল রক্ষার্থে আবহাওয়ার পূর্বাভাস এবং বন্যা পূর্বাভাসের তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক এমন সময়ে এই সংবেদনশীল সাইটগুলোতে সাইবার হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, ‘ঠিক এই সময় কোন মানুষরা এই ধরনের কাজ করতে পারে তা আপনাদের অনুমান করে নিতে সমস্যা হওয়ার কথা না।’

দেশের বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে হ্যাকারদের কবল থেকে এ দুটি গুরুত্বপূর্ণ সাইট উদ্ধার করতে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।