logo

বগুড়ার সেই দুই ইউনিয়নের নতুন নাম হবে যে পদ্ধতিতে

বগুড়ার সেই দুই ইউনিয়নের নতুন নাম হবে যে পদ্ধতিতে
ছবি : সংগৃহীত

বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নামের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে জেলার বিভিন্ন বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।

শুক্রবার (১৯ জুন) এ বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। এ জন্য পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাকে নামগুলো পরিবর্তনের জন্য বলেছেন। লিখিত চিঠি পরে আসতে পারে। তবে মৌখিক নির্দেশনা পেয়েছি, তাই আমরা প্রক্রিয়া শুরু করব।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রচলিত নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশ করা হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ইউএনও আবার গণশুনানি করবেন। যেসব ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয় রয়েছে, সেখানে নতুন তারিখ নির্ধারণ করা হবে। ওই দিন স্থানীয় জনগণ উপস্থিত থাকবেন। গণশুনানির মাধ্যমে যে নাম প্রস্তাবিত হবে, সেটিই বিবেচনায় নেওয়া হবে।

ইউনিয়ন দুটির নাম স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে আংশিক সাদৃশ্যপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে বিভ্রান্তিও দেখা দেয়।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রী নিজেও বিব্রত বোধ করেন। ইউনিয়নের নামকরণ নিয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ না রাখতে তিনি নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান।

এর পরিপ্রেক্ষিতে ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।