logo

জিম্মি জেলে উদ্ধারে ‘দাদা ভাই’ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কোস্টগার্ড

জিম্মি জেলে উদ্ধারে ‘দাদা ভাই’ বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কোস্টগার্ড
ছবি কোস্টগার্ডের সৌজন্য।

সুন্দরবনে ডাকাত বাহিনী ‘দাদা ভাই’ গ্রুপের সঙ্গে বন্দুকযুদ্ধ হওয়ার দাবি করেছে কোস্টগার্ড। এ সময় ডাকাতদের হাতে জিম্মি থাকা পাঁচজন জেলেকে উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, সুন্দরবনের বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে, সাতক্ষীরার শ্যামনগর থানার সুন্দরবনের আরপাঙ্গাসিয়া নদীর কঞ্চির খাল এলাকায় মধ্যরাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ‘দাদা ভাই বাহিনী’ অতর্কিতভাবে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এ সময় আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে ডাকাতদল জিম্মিদের রেখে সুন্দরবনের গহিনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কোস্টগার্ড।

পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১টি একনলা বন্দুক, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় ধারাল অস্ত্রসহ ডাকাতদলের কাছে জিম্মি থাকা পাঁচজন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেরা হলেন—রবিউল ইসলাম, বিল্লাল হোসেন, আলাউল ইসলাম, নওশেন মোড়ল এবং শাহিনুর রহমান।

জব্দকৃত অস্ত্র ও ফাঁকা কার্তুজ এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত জেলেদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়।