কালবৈশাখীর তাণ্ডবে চার জেলায় ছয়জনের মৃত্যু

কালবৈশাখীর তাণ্ডবে চার জেলায় গাছের নিচে চাপা পড়ে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত মধ্যরাত থেকে সোমবার (২৭ এপ্রিল) ভোর পর্যন্ত পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে জামালপুরের মেলান্দহে ঘড়ের পাশের গাছ ভেঙে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। এ ছাড়া নওগাঁর আত্রাইয়ে বেদেপল্লীতে এক অন্তঃসত্ত্বা নারী, বগুড়ার গাবতলীতে নিজ দোকানে গাছচাপায় এক ব্যবসায়ী এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঝড়ে ঘরে গাছের ডাল ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
জামালপুরে মা ও দুই মেয়ের মৃত্যু
জামালপুরের মেলান্দহে কালবৈশাখীর তাণ্ডবে নিজেদের লাগানো মেহগনি গাছ ভেঙে বসতঘরের ওপর পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দাগী এলাকার মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম (৬৫) এবং তার দুই মেয়ে ফরিদা আক্তার (৪০) ও ফতে আক্তার (৩৭)। ফরিদা আক্তার মানসিক প্রতিবন্ধী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নিজ বসতঘরের একই বিছানায় ঘুমিয়ে ছিলেন তারা। রাত গভীর হলে হঠাৎ দমকা হাওয়া ও তীব্র কালবৈশাখী শুরু হয়। ঝড়ের একপর্যায়ে ঘরের পাশে থাকা একটি বড় মেহগনি গাছসহ মোট চারটি গাছ টিনের ঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা তিনজনই গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এদিকে রাতের প্রতিকূল আবহাওয়ার কারণে তাৎক্ষণিক উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি। পরে সকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে মরদেহ উদ্ধার করেন।
নিহত খুকি বেগমের ছেলে আকালো মণ্ডল জানান, তিনি বাড়িতে ছিলেন না। সকালে খবর পেয়ে এসে পরিবারের তিন সদস্যের নিথর দেহ দেখতে পান।
পাশের বাড়ির বাসিন্দা বিল্লাল বলেন, গরিব মানুষ ঘর-দরজা তুলছে, হয়তো দুইটা টাকার আশায় বাড়ির পাশে গাছগুলো লাগিয়েছিল। বাতাসে এখন ফালাইয়া দিছে, কিছু তো করার নেই।
স্থানীয় আরেক বাসিন্দা রহিম উদ্দিন জানান, রাতে প্রচণ্ড ঝড় হয়েছিল। কখন তাদের ওপর গাছ পড়ে আমরা কেউ বলতে পারিনি। সকালে এসে দেখি গাছ পড়ে মা ও দুই মেয়ে মারা গেছেন।
মেলান্দহ থানার এসআই হুমায়ূন কবির বলেন, আমরা সুরতহাল করেছি। পরিবার এখনও সিদ্ধান্ত নেয়নি। পরিবারের সিদ্ধান্ত জানালে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে সহায়তার বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
নওগাঁয় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
নওগাঁর আত্রাইয়ে কালবৈশাখীতে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে উপজেলার আত্রাই নদীর তীরবর্তী বেদেপল্লীতে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম আরাফাতুন (২০)। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে আকস্মিক দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টি শুরু হলে বেদেপল্লীর একটি বিশাল ইউক্যালিপটাস গাছ উপড়ে পড়ে। গাছটি সরাসরি পল্লীর একটি পলিথিনের তৈরি অস্থায়ী ঘরের ওপর পড়ে। ওই সময় ঘরের ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় আরাফাতুন গাছের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, খোলা আকাশের নিচে পলিথিনের ঘরে বসবাস করায় ঝড়ের সময় তারা চরম ঝুঁকিতে থাকেন।
সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি নিহত নারীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বেদেপল্লীর বাসিন্দাদের খোঁজখবর নেন।
আত্রাই থানা পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
বগুড়ায় নিজ দোকানে গাছচাপায় ব্যবসায়ীর মৃত্যু
বগুড়ার গাবতলীতে কালবৈশাখীতে একটি বটগাছ ভেঙে দোকানের ওপর পড়ে এক ব্যবসায়ী মারা গেছেন। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের লাঠিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
মৃত উমা চন্দ্র (৫২) উপজেলার চক্রাধিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত কালিদাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে দোকানের পাশে থাকা একটি বড় বটগাছ ভেঙে পড়ে উমা চন্দ্রের দোকানের ওপর। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান এশিয়া পোস্টকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সিরাজগঞ্জে গাছের ডাল ভেঙে পড়ে নারীর মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালবৈশাখীতে ঘরের ওপর ভেঙে পড়া গাছের ডালের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি পুকুরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিমা খাতুন বালসাবাড়ি পুকুরপাড় গ্রামের মৃত হাবিবুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বালসাবাড়ি পুকুরপাড় গ্রামে মহাসড়কের পাশে একটি ঘর নির্মাণ করে বসবাস করছিলেন নাসিমা খাতুন। মধ্যরাতে হঠাৎ কালবৈশাখী শুরু হলে প্রবল বাতাসে একটি বিশাল শিরিষ গাছের ডাল ভেঙে তার ঘরের ওপর পড়ে। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নাসিমার মৃত্যু হয়।
দুর্গানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফারুক হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর নাসিমা খাতুন রাস্তার পাশে একটি ঘর তুলে বসবাস করছিলেন। ভোররাতের ঝড়ে গাছের ডাল ভেঙে ঘরের ওপর পড়ে তার মৃত্যু হয়।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসিকে একাধিকবার ফোন করা হলেও না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি।
[প্রতিবেদন পাঠিয়েছেন জামালপুর, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ প্রতিনিধি]