বাংলাদেশ-চীন সম্পর্ক শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত: মির্জা ফখরুল

বাংলাদেশ ও চীনের ঐতিহাসিক ভ্রাতৃপ্রতীম ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কালের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ এবং শক্ত ভিতের ওপর প্রতিষ্ঠিত বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২০ এপ্রিল) বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীনের ভাইস মিনিস্টার জিন ঝিনের আমন্ত্রণে দেশটির রাজধানী বেইজিংয়ে একটি অভিজাত হোটেলে নৈশভোজে অংশগ্রহণ করেন। এ সময় এ কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল চীনের ‘ওয়ান চায়না পলিসি’-এর ওপর বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বাংলাদেশ-চীন সম্পর্ককে ভবিষ্যতে আরও উচ্চপর্যায়ে নিয়ে যাবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সোমবার সকালে বেইজিং পৌঁছান বিএনপি মহাসচিব এবং গত ১৬ এপ্রিল থেকে সফররত বিএনপির ১৯ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে যুক্ত হন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় তিনি আইডিসিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইজিংয়ের সঙ্গে আইডিসিপিসি ভবনে এবং একই দিন বিকেলে গ্রেট হলে চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যান জেংয়ের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।
প্রতিনিধি দলে উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান ও এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি মোহাম্মদ শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান এস এম আসাদুজ্জামান রিপন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য নজমুল হক নান্নু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মিস বেবি নাজনীন, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, জলবায়ু পরিবর্তনবিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন এমপি, সাবেক এমপি ও সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি, বাংলাদেশ জুট ওয়ার্কার পার্টির সভাপতি সায়েদ আল নোমান এমপি, মাগুড়া জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন এমপি, মায়ের ডাকের আহ্বায়ক মিসেস সানজিদা ইসলাম তুলি, যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, বিএনপি মহাসচিবের এপিএস ও কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ ইউনুস আলী, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ আমান ও মীর সোলাইমান।