উপদেষ্টা ও হেভিওয়েট প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ চলবে। অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ উপদেষ্টা রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দুপুর ১২টায় ভোট দেবেন। আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভুক্ত একই এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলকেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন গুলশান-২ এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ভোট দেবেন রাজধানীর ধানমন্ডির একটি কেন্দ্রে।
রাজধানীর মিরপুর ১২ নম্বর এলাকার ই ব্লকের একটি কেন্দ্রে ভোট দেবেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শ্যামলী শিশু মেলার কাছে একটি কেন্দ্রে ভোট দেবেন প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন রাজধানীর মহাখালী ডিওএসএইচ এলাকার একটি স্কুলকেন্দ্রে ভোট দেবেন। উত্তরা ১০ নম্বর সেক্টর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগের নিজ এলাকার ভোটকেন্দ্রে ভোট দেবেন দুর্যোগ উপদেষ্টা ফারুক-ই-আজম। চট্টগ্রাম জেলার বাসিন্দা ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. খালিদ হোসেন জরুরি কাজ থাকায় ভোটের দিন ঢাকায় থাকবেন। তাই এবারের নির্বাচনে তিনি ভোট দিতে পারছেন না।
রাজনীতিবিদরা কে কোথায় ভোট দেবেন
মঙ্গলবার (১০ ফেব্রয়ারি) রাতে এক বার্তায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ জেলা ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা দাউদকান্দির গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জা আব্বাস ঢাকার শাহাজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ, গয়েশ্বর চন্দ্র রায় কেরানীগঞ্জের আরাকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে চারনগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সালাহউদ্দিন আহমদ কক্সবাজারে পেকুয়ায় সরকারি মডেল জি এম সি ইনিস্টিউট, ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জের সালেহা ইশহাক সরকারি গার্লস স্কুল, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলার লালমোহনে আব্দুল ওয়াহাব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুরে মতিহারা সরকারি হাইস্কুল ভোট দেবেন।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানীর ৬০ ফিট সড়কের মনিপুর বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সকাল ৮টায় মোহাম্মদপুর সাত মসিজিদ রোডের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বরিশাল সিটির ২৪ নম্বর ওয়ার্ড রূপাতলী লালার দিঘীলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। দলের মহাসচিব ইউনুস আহমদ খুলনা-৪ আসনের রুপসার কেবিএম হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন। শেখ ফজলে বারী মাসউদ ভোট দেবেন রামপুরা একরামুন্নেসা হাইস্কুল কেন্দ্রে।
এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডা এলাকার এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ, বেরাইদ (ফকির খালি রোডের মাথা) কেন্দ্রে ভোট দেবেন।
সারজিস আলম পঞ্চগড়ের বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল, সারোয়ার তুষার নরসিংদীর ঘোড়াশাল পাইলট স্কুল, আখতার হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার ভায়েরহাট সেন্টার (টেপা মধুপুর), আব্দুল হান্নান মাসুদ বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা-৪ আসনের ৩ নম্বর রসুলপুর ইউনিয়নের গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।