logo

প্রথম আলোকে আগুন থেকে বাঁচাতে সরকার ব্যর্থ: ফাওজুল কবির 

প্রথম আলোকে আগুন থেকে বাঁচাতে সরকার ব্যর্থ: ফাওজুল কবির 

দৈনিক প্রথম আলো পত্রিকার অফিসকে আগুনে দগ্ধ হওয়া থেকে বাঁচাতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, এ ব্যর্থতার দায় আমাদের। এখানে কোনো, যদি বা কিন্তু নেই। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নিজের ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি।

ফেসবুক পোস্টে মুহাম্মদ ফাওজুল কবির খান লিখেছেন, ‘বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রথম আলোর দগ্ধ ভবনে শিল্প প্রদর্শনী দেখতে গিয়েছিলাম। অগ্নিদগ্ধ থেকে সংবাদপত্রটিকে বাঁচাতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার দায় আমাদের। এখানে কোনো, যদি বা কিন্তু নেই।’

তিনি বলেন, ‘প্রথম আলো আক্রান্ত হয়েছে এটা দুঃখজনক হলেও এ ধরনের ঘটনা বিরল নয়। স্মর্তব্য, উগ্রপন্থিদের হাতে খোদ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিল আক্রান্ত হয়েছিল। কিন্তু সংবাদপত্রটি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা অমার্জনীয়।’

সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে, যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। শুধু উগ্রবাদীদের দোষারোপ করে এ থেকে নিস্তার পাওয়া যাবে না।’

সাবেক এ উপদেষ্টা বলেন, ‘আমাদের সময়ের সবচেয়ে ক্ষতিকর চিন্তা হলো, ‘শুধু আমিই ঠিক এবং অন্যরা আমাদের প্রতিপক্ষ।’ এ ধারণা থেকে বের হয়ে আসতে হবে। শুরু করতে হবে সংলাপ সব বিরুদ্ধবাদীদের সঙ্গে। তাদের অভিযোগ শুনতে ও বুঝতে হবে। অভিযোগ আছে, আমাদের দেশে ‘ইসলামপন্থিদের/উগ্রবাদীদের’ ওপর অমার্জনীয় নৃশংসতা চালানো হয়েছে।’ অভিযোগ আছে এ দেশের প্রগতিশীলরা এর সম্মতি উৎপাদন করেছে। সাংবাদিক শফিক রেহমান তো বলেই ফেলেছেন, সেদিন সংগ্রাম ও নয়াদিগন্ত আক্রান্ত হওয়ার প্রতিবাদ হলে হয়তো প্রথম আলো আক্রান্ত হতো না।’ 

প্রথম আলোয় উগ্রবাদীদের অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘মতভিন্নতা থাকুক, সঙ্গে থাকুক পরমতসহিষ্ণুতা ও সংলাপ। আবারও প্রথম আলোয় উগ্রবাদীদের অগ্নিসংযোগের নিন্দা জানাচ্ছি ও এটা প্রতিহত করতে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দায় স্বীকার করছি।’