রাশিয়ার জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড়ের সংবাদ ভিত্তিহীন: মন্ত্রণালয়

রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ৬০ দিনের ছাড় দিয়েছে বলে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। তবে এই সংবাদের ভিত্তি নেই বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আজ শুক্রবার (১৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্র নতুন করে ৬০ দিনের ছাড় দিয়েছে- দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন কিছু সংবাদ তাদের নজরে এসেছে। এ বিষয়ে তাদের কোনো কর্মকর্তা গণমাধ্যমে কোনো তথ্য জানায়নি বা মন্তব্য দেননি বলে জানানো হয়।
গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ১১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত ৬০ দিনের ছাড় অথবা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির মতো পরিকল্পনার বিষয়েও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কাউকে কোনো তথ্য দেয়নি। রাশিয়ার জ্বালানি আমদানির ক্ষেত্রে ছাড় বা ১০ লাখ টন ডিজেল কেনার বিষয়েও সরকারের কাছে কোনো তথ্য নেই।