logo

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আবদুল কাইয়ুম মহাসচিব লুৎফর রহমান

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আবদুল কাইয়ুম মহাসচিব লুৎফর রহমান
অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আবদুল কাইয়ুম ও মহাসচিব লুৎফর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের (ত্রি-বার্ষিক) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত আইজিপি ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. আবদুল কাইয়ুম। মহাসচিব নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফর রহমান চৌধুরী।

রোববার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভাপতি ও মহাসচিব পদের পাশাপাশি আরও কয়েকটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন— সহ-সভাপতি পদে মো. আব্দুল মান্নান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি), মো. আবদুর রহমান খান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি) ও মো. মোখলেছুর রহমান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি)। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কুদ্দুস খান।

এ ছাড়া যুগ্ম মহাসচিব পদে মো. সিরাজুল ইসলাম ও মো. বক্তিয়ার হোসেন ভূঞা, দপ্তর সম্পাদক পদে কাজী শাহাবুদ্দিন আহম্মদ, লাইব্রেরি ও ডরমিটরি সম্পাদক পদে নাসির উদ্দিন খান এবং সহকারী কোষাধ্যক্ষ পদে মো. জাহিদ আলম বিশ্বাস নির্বাচিত হয়েছেন।

নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন গত ১৪ মে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করে। সংশ্লিষ্ট পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

তবে কার্যনির্বাহী সদস্য পদে ১১টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ২০ জুন কেন্দ্রীয়ভাবে ঢাকাসহ সমিতির ১৯টি শাখায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।