পদ্মায় বাস পড়ে হতাহতের ঘটনায় রুশ দূতাবাসের শোক

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে বাস পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ঢাকাস্থ রাশিয়ার দূতাবাস। শোক বার্তায় হতাহতের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) রুশ দূতাবাসের দেওয়া এক পোস্টে এই সমবেদনা প্রকাশ করা হয়।
এতে বলা হয়, গত ২৫ মার্চ ৫০ জনেরও অধিক যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ায় যে মর্মান্তিক ক্ষতি হয়েছে সে বিষয়ে ঢাকাস্থ রুশ দূতাবাস গভীরভাবে মর্মাহত। শোক বার্তায় হতাহতের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনাও প্রকাশ করেছে রুশ দূতাবাস।
প্রসঙ্গত, গত বুধবার প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে ফেরিতে ওঠার অপেক্ষায় থাকা ‘সৌহার্য্য’ পরিবহনের একটি বাস পন্টুন টপকে নদীতে পড়ে ডুবে যায়। এতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদের মধ্যে ৮ পুরুষ, ১১ নারী এবং সাত শিশু। নিহতদের মধ্যে ১৮ জনই রাজবাড়ী জেলার বাসিন্দা। বাকিরা কুষ্টিয়া, ঝিনাইদহ, দিনাজপুর, গোপালগঞ্জ এবং ঢাকার বাসিন্দা। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ছয়জন।