ওয়াসার এমডির পদ হারানোর পর তদন্তের মুখে আব্দুস সালাম

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আব্দুস সালাম ব্যাপারীকে অপসারণের এক ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করেছে সিআইডি।
রোববার (৮ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা ওয়াসার অপসারণ করা এমডি মো. আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অনুসন্ধান শুরু করেছে সিআইডি।
এর আগে রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা পদত্যাগপত্রে তার স্বাক্ষর নেওয়া হয়। বিষয়টি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী অবগত আছেন বলে জানা গেছে।
মো. আব্দুস সালাম ব্যাপারী ১৯৯১ সালে ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগদান করেন। তিনি বিভিন্ন উৎস থেকে উপার্জিত অর্থ অবৈধ প্রক্রিয়ায় বিদেশ পাচার করে নিজ, স্ত্রী ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে বিপুল পরিমান স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন করেছেন। তিনি ২০১৮ সালে নিজ নামে ও তার স্ত্রী মাহবুবুন্নেছার নামে কানাডার টরন্টোতে একটি বাড়ি ক্রয় করেন। স্থানীয় ভূমি নিবন্ধন অফিস সার্ভিস থেকে এ তথ্য পাওয়া যায়।