logo

২ মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ

২ মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় আগামী দুই মাসের মধ্যে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে প্রথম আলোর ক্ষতিগ্রস্ত কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চার্জশিট দাখিল শেষে মামলাটির বিচারিক প্রক্রিয়া শুরু হবে। আমরা বিচারিক কার্যক্রমে সবার সহযোগিতা চাই যাতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত হয় এবং জাতিকে এ ধরনের ঘটনা আর দেখতে না হয়। 

তিনি বলেন, এ ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর কাছে আমাদের মান ক্ষুণ্ন হয়েছে। সারা পৃথিবীর সামনে মেসেজ গিয়েছে বাংলাদেশে নিউজপেপারের ওপর যখন-তখন আক্রমণ করা যায়। এ দেশের যারা প্রগতিবিরোধী, যারা সাম্প্রদায়িক ও উগ্রবাদী শক্তি তাদের একটা রমরমা ভাব ছিল- এ মেসেজটা সারা পৃথিবীতে গেছে। 

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এর দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়ে সারা পৃথিবীকে একটা মেসেজ দেব যে বাংলাদেশের অগ্রগতি, প্রগতি এবং সমাজের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না। আমরা তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। 

তিনি বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে স্বাধীন গণমাধ্যম এবং বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলা হয়েছে। আমরা জনগণের ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় এসেছি। তাই নির্বাচনি ইশতেহার অনুযায়ী সকলের সহযোগিতায় সেটা বাস্তবায়ন করতে চাই। 

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহল ও বিদেশে কথা শুনতে হয়েছে। 

তিনি বলেন, আজকে আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি যে এ ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না এবং এই প্রতিজ্ঞাটি সারা সমাজকে করতে হবে। 

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয় উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান বলেন, যে কোন পত্রিকার তার নিজস্ব আদর্শগত মতবাদ থাকতে পারে। যদি সেটা থেকেও থাকে তবে সেটার সমালোচনা হতে পারে। সেটার জন্য নিয়মতান্ত্রিক যে কোনো প্রতিবাদ হতে পারে- আমরা এই পর্যন্ত রাজি আছি। 

তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর যে ধরনের হামলা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেখানে মানুষের মৃত্যু ঘটতে পারতো। এই ধরনের ঘটনার যদি বাংলাদেশে কেউ পুনরাবৃত্তি ঘটায়, সাধারণ নাগরিকদের তাদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত বলে মনে করি।