বাতিল হলো সংসদের এক নিয়ম

জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় মাথা ঝুঁকিয়ে বা নিচু করে সম্মান জানানোর প্রচলিত নিয়ম আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানান তিনি।
এর আগে, গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান স্পিকারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়টি সুরাহার জন্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনুরোধ জানান।
মুজিবুর রহমান আপত্তি তুলে বলেছিলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর এই রীতি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং তা শিরকের কাছাকাছি চলে যায়। তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছিলেন, সংসদের কার্যপ্রণালি বিধি দেখে বিষয়টি পরে সংসদকে জানানো হবে।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদে প্রবেশ করার বা সংসদ কক্ষ ত্যাগ করার সময় এবং তার আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান দেখাবেন। এ বিধিটি ২০০৬ সালে সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে।
ত্রয়োদশ বা অষ্টম সংসদে পর্যালোচনা ও সংশোধনের মাধ্যমে এই ‘মাথা নোয়ানোর’ নিয়মটি কার্যপ্রণালি বিধি থেকে বাতিল করা হয়েছিল বলে জানান স্পিকার।
তিনি বলেন, যেহেতু কার্যপ্রণালি বিধি থেকে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে, সেহেতু আপনারা জাতীয় সংসদের যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।



