দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান মির্জা ফখরুলের

দেশের অর্থ অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৩ মে) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
বিগত সরকারের উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতির তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আমলে এলজিআরডি মন্ত্রণালয়ের মাধ্যমে শুধু পিরোজপুর জেলাতেই সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাট হয়েছে। দেশের অর্থ অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় দেশের সার্বিক উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনগুলোতে প্রকৌশলীরা তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকা যথাযথভাবে পালন করবেন।
প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলামের (রিজু) সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন প্রকৌশলী ও জনপ্রতিনিধিকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সংবর্ধনা পান সানজিদা ইসলাম (তুলি), মঈনুল ইসলাম খান (শান্ত) এবং মো. আশরাফ উদ্দিন (বকুল)।
অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় প্রকৌশলী, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
