logo

সংসদ বসলেই ৩১ দফা বাস্তবায়ন শুরু হবে: তথ্যমন্ত্রী

সংসদ বসলেই ৩১ দফা বাস্তবায়ন শুরু হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জাতীয় সংসদের অধিবেশন বসার পর বিএনপি ঘোষিত দেশ গঠন ও রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারের ৩১ দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করবে সরকার। বুধবার (৪ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার পুরো রাষ্ট্রকে দলীয়করণ করেছিল। বর্তমান সরকার সেই পথে হাঁটবে না। আমরা দেশের সব সংস্থাকে সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক কাঠামোয় ফিরিয়ে আনব।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমামদের ভাতা দেওয়ার মতো জনবান্ধব প্রতিশ্রুতিগুলো সরকার ইতোমধ্যে বাস্তবায়ন করতে শুরু করেছে। আমরা রাষ্ট্রের শাসক নই, সেবক হিসেবে দায়িত্ব নিয়েছি। আমাদের লক্ষ্য জনগণকে প্রকৃত অর্থে ক্ষমতায়িত করা।

চট্টগ্রাম প্রেস ক্লাবের বর্তমান কমিটি ও নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ প্রসঙ্গে মন্ত্রী গঠনতান্ত্রিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন। এটি পরিচালনা নিয়ে ভুল বোঝাবুঝি থাকতে পারে, তবে সব সমস্যার সমাধান হতে হবে গঠনতান্ত্রিক বিধিবিধানের মাধ্যমে। আমি নিয়মের মধ্যে থেকে ঐকমত্য সৃষ্টিতে সর্বোচ্চ সহযোগিতা করব।

মন্ত্রী আক্ষেপ করে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উন্নয়নের লক্ষ্যেই চট্টগ্রাম প্রেস ক্লাবের নামফলক স্থাপন করেছিলেন, যা দীর্ঘ সময় গোপন রাখা হয়েছিল। তিনি সেই নামফলক পুনঃস্থাপনের মাধ্যমে সবাইকে ঐক্যবদ্ধভাবে ক্লাবকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজে মহাসচিব কাদের গনি চৌধুরী ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, সংসদ সদস্য আবু সুফিয়ান, সাংবাদিক মো. শাহনেওয়াজ প্রমুখ।