হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫১৬ জন।
রোববার (৩০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯৬৭ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৬৫ জন।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৮৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এ ছাড়া সিলেট বিভাগে ১৪৯ জন, বরিশালে ৫৩ জন, চট্টগ্রামে ৬৪ জন, খুলনায় ৩৪ জন, ময়মনসিংহে ৭৪ জন, রাজশাহীতে ৯২ জন এবং রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন আরও বলছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৩৬৫ জন এবং হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ১৫১ জনের শরীরে।
এ নিয়ে ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ১৯ হাজার ২১৮ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জন।
এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ রোগী, যাদের মধ্যে ছাড়পত্র নিয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে ১ লাখ ৩২ হাজার ২৯২ জন।



