নির্বাচনে অরাজকতা নির্মূলে প্রস্তুত র্যাব: কমান্ডার তানভীর হাসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ ও ৭ আসনের যে কোনো ধরনের অরাজকতা নির্মূলে র্যাব-১০ প্রস্তুত রয়েছে। ভোটের দিন সকাল ৮টা থেকে ভোটের ফল ঘোষণার আগ পর্যন্ত নিরলসভাবে কাজ করবে সংস্থাটির সদস্যরা। এ কথা জানিয়েছেন র্যাব-১০ লালবাগ ক্যাম্পের কোম্পানি কমান্ডার তানভীর হাসান শিথিল।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। পরে পাশের ঢাকা গভ. মুসলিম হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় কমান্ডার তানভীর হাসান বলেন, আমাদের নিরাপত্তার দায়িত্ব ঢাকা-৬ ও ঢাকা-৭ আসন। ইতোমধ্যে প্রতিটি কেন্দ্রে পেট্রোল ফোর্স মোতায়েন হয়েছে। প্রতিটি কেন্দ্রে ড্রোন ডগ স্কোয়ার্ড থাকবে। সব কেন্দ্র পর্যবেক্ষণ করা হয়েছে। যে কোনো ধরনের গুজব ও নাশকতামূলক কর্মকাণ্ড বানচাল করতে আমরা প্রস্তুত আছি; সে সক্ষমতা আছে। ভোট শুরু থেকে গণনা শেষ না হওয়া পর্যন্ত মাঠে থাকব, সুশৃঙ্খলভাবে ভোট নিশ্চিতে আমরা তৎপর।
তিনি বলেন, নির্বাচনে পুলিশ, আনসার বাহিনী ও বিজিবি প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করবে। তারা নির্মূল করতে না পারলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও সেনাবাহিনী পদক্ষেপ নেবে।
নির্বাচনে টাকা লেনদেনের বিষয়ে র্যাব কি পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এক্ষেত্রে যদি কোনো তথ্য থেকে থাকে, যদি কেউ নিরাপত্তা চায় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব।
সংবাদ সম্মেলনে এলিট ফোর্সের এই কর্মকর্তা বলেন, প্রত্যেক প্রিসাইডিং অফিসার তার কেন্দ্রের তথ্য আমাদের জানাবে। ‘নির্বাচন সুরক্ষা’ নামে একটি অ্যাপসের মাধ্যমে পরীক্ষামূলকভাবে আমাদের কার্যক্রম সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রের অনিয়মের তথ্য থাকলে অ্যাপসে জানানো মাত্রই ব্যবস্থা নেব।