সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান

সৌদি আরবের রিয়াদে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ১৬ বাংলাদেশির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের বিশেষ মানবিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে সোমবার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পররাষ্ট্র সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি, পুলিশের বিশেষ শাখা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, বিএমইটি ও বিমান বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় নিহতদের মরদেহ দ্রুত শনাক্ত ও দেশে আনা এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে নিহতদের মরদেহ দ্রুত শনাক্তের ব্যবস্থা নেবে বাংলাদেশ দূতাবাস। শনাক্তকরণ শেষে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ সরকারি ব্যবস্থাপনায় ও খরচে দেশে আনা হবে।
প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা অনুযায়ী, নিহত ১৬ জনের প্রত্যেকের পরিবারকে এককালীন বিশেষ মানবিক অনুদান দেওয়া হবে।
এদিকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা বিশেষ অনুদান দেওয়া হয়েছে।
বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নিহত শ্রমিকদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
রোববার ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির প্রাণহানির ঘটনা ঘটে।
.png)


