৩০ জুলাই সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের কর্মসূচি প্রত্যাহার

দেশজুড়ে গ্যাস সংকটের কারণে আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) দিনব্যাপী সিএনজি স্টেশন বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছে ফিলিং স্টেশন মালিকদের সংগঠন।
সোমবার (২৭ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
তবে কমিশন বৃদ্ধির দাবি মেনে না নেওয়া হলে আগামী ২৩ আগস্ট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে গত ২১ জুলাই সংবাদ সম্মেলনে সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধি, স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়সহ চার দফা দাবি জানিয়েছিল বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
সংগঠনটির নেতারা তখন জানান, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা নির্ধারিত রয়েছে। এরপর প্রায় ১১ বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম একাধিকবার বাড়লেও কমিশনের পরিমাণ বাড়ানো হয়নি।
একই সময়ে মূল্যস্ফীতি, শ্রমিকদের মজুরি, ব্যাংক গ্যারান্টি কমিশন, ঋণের সুদ, ডলারের বিনিময় হার এবং স্টেশন পরিচালনার অন্যান্য ব্যয় কয়েক গুণ বেড়েছে। ফলে অধিকাংশ সিএনজি স্টেশন লোকসানে পরিচালিত হচ্ছে বলে দাবি করেন তারা।
সংগঠনটির চার দফা দাবির মধ্যে রয়েছে—প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন ৮ টাকা থেকে বাড়িয়ে অন্তত ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ, ভবিষ্যতে জ্বালানির দাম বাড়লে স্বয়ংক্রিয়ভাবে কমিশন সমন্বয়ের ব্যবস্থা চালু করা, গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পুরোনো গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত জামানত নেওয়ার প্রথা বাতিল এবং সড়ক ও জনপথ বিভাগের জমি ইজারাসহ বিভিন্ন সরকারি সংস্থার লাইসেন্স ও নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনা।
.png)






