সংসদের কেনাকাটায় হরিলুটের খবর, গঠন হচ্ছে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামের একটি প্রতিবেদনকে কেন্দ্র করে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছে সংসদ সচিবালয়।
রোববার (১৯ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেন জানান, কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয় প্রক্রিয়ার কোনো বিল পরিশোধ করা হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি একটি জাতীয় দৈনিক ও বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সংসদ সচিবালয়ের ক্রয় কার্যক্রম নিয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা কর্তৃপক্ষের নজরে এসেছে।”
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘উক্ত সংবাদে উত্থাপিত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে অবিলম্বে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটি রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ক্রয় সংক্রান্ত কোনো বিল পরিশোধ করা হবে না।’
এর আগে বাংলাদেশ প্রতিদিনের রোববার প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে সংসদের বিভিন্ন সরঞ্জামের দাম কয়েকগুণ বাড়ানোর চিত্র। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাতীয় সংসদের জন্য ১৮ লাখ টাকার ক্যামেরা ৫৮ লাখ, ৪ হাজার টাকার ব্যাগ ৩৪ হাজার এবং ৩ হাজার টাকার কার্ড রিডার কেনা হয়েছে ২১ হাজার ৫০০ টাকায়।