বাংলাদেশ ব্যাংকের সামনে আন্দোলনকারীদের মিছিলে পুলিশের বাধা

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে আন্দোলনকারীদের মিছিল আটকে দিয়েছে পুলিশ।
পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা তিন দফা দাবিতে বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সামনে মিছিল করতে চাইলে এ ঘটনা ঘটে।
এর আগে, এদিন সকালে দাবি আদায়ে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তারা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তাদের বাঁধা দেয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে প্রবেশ স্বাভাবিক করা হয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্তে শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের আমানতের ওপর গত দুই বছরের মুনাফা কেটে মাত্র ৪ শতাংশ সরকারি অনুকম্পা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আমানতকারীদের জন্য অমানবিক ও অন্যায্য। অবিলম্বে তাদের ঘোষিত মুনাফা দিতে হবে।
দাবি না মানলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।