ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু, সিআইডির হাতে গ্রেপ্তার ২

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকাডুবিতে ৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির মানব পাচার ইউনিট (টিএইচবি) ইউনিটের একটি দল গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন টেকেরহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
তদন্তেপ্রাপ্ত গ্রেপ্তারকৃতদের নাম- মো. রফিকুল ইসলাম রফিক বাঘা (৫৪) এবং মো. আমির হোসেন স্বপন (৩৮)।
মামলার এজাহার হতে জানা যায়, ৯ ডিসেম্বর ২০২৩ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত স্থানীয় বিভিন্ন সময়ে বাংলাদেশি নাগরিকদের লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে ৮ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে নিহতদের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মামলার ঘটনাস্থল থেকে বেঁচে ফেরা একমাত্র ভিকটিম আদালতে দেওয়া জবানবন্দিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ও ঠিকানা প্রকাশ করেন।
সিআইডির তদন্তে জানা যায়, একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র ভিকটিমদের বৈধভাবে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ গ্রহণ করে।
পরে তাদের অবৈধভাবে লিবিয়া থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে সমুদ্রপথে ইতালি পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় তিউনিসিয়া উপকূলে ট্রলারটি ডুবে গেলে ৮ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়।
গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, তারা নিহত ভিকটিম রাসেল শেখ (১৯)-এর পরিবারের কাছ থেকে অর্থ সংগ্রহ, মানব পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের কাছে অর্থ পৌঁছে দেওয়া এবং তাকে বিদেশে পাঠানোর প্রক্রিয়ায় সহযোগিতা করার কথা জানিয়েছে।

