নবম পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের জন্য চলতি বছর নবম বেতনকাঠামো ঘোষণা করেছে সরকার। এবার এমপিওভুক্ত জনবলকেও নবম জাতীয় পে-স্কেলের আওতায় আনার প্রক্রিয়া জোরালোভাবে শুরু হয়েছে। সে অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন।
কবে থেকে তারা নতুন কাঠামোয় বেতন পাবেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কোনো তথ্য দিতে পারেনি দুই মন্ত্রণালয়। তবে আগামী ডিসেম্বরের মধ্যে পৃথক প্রজ্ঞাপন জারি করে নতুন বেতন কাঠামো চালুর জোর পরিকল্পনা করছে সরকার।
অর্থ মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ২০১৫ সালে ৮ম পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক গেজেট দ্রুত জারি করা হয়েছিল। তবে ওই সময় তাদের নতুন বেতন স্কেল বাস্তবায়ন করতে ছয় মাস সময় লেগেছিল। ফলে এবারও কিছুটা সময় লাগছে। তবে ৮ম পে-স্কেলের মতো এত দীর্ঘ সময় লাগবে না।
নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘চলতি ডিসেম্বরের মধ্যেই এই সুবিধা চালুর জন্য চেষ্টা করা হচ্ছে। ডিসেম্বরে সম্ভব না হলে আগামী বছরের জানুয়ারিতে বাস্তবায়ন হবে।’
এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নবম পে-স্কেল পাবেন বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পান, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। প্রক্রিয়াগত কারণে কিছুটা দেরি হলেও শিক্ষকরা নতুন পে-স্কেলেই বেতন পাবেন।
মহাপরিচালক আরও বলেন, হয়তো কিছুটা দেরি হবে। তবে শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন।
জানা গেছে, নতুন পে-স্কেলের আওতায় এমপিওভুক্ত ৬ লাখ ২ হাজার ৩৫৯ জন শিক্ষক-কর্মচারীকে আনতে অতিরিক্ত ১৩ হাজার ৩৯২ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে বেতন-ভাতা বাবদ ব্যয় হবে ১২ হাজার ৫১৮ কোটি টাকা। বাকি অর্থ প্রয়োজন হবে পেনশন খাতে।


